২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের সঙ্গে আলোচনার দ্বার খোলা: রাশিয়া

ইউক্রেইনের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ‘সংলাপের দ্বার খোলা’ আছে বলে জানিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ইউক্রেইনে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলে ধনকুবের পেট্রো পোরোসেনকো জয়ের আভাসে রাশিয়া একথা জানাল।

তবে ইউক্রেইনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান অবশ্যই বন্ধ হতে হবে বলেও জানিয়ে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র সের্গেই ল্যাভরভ।

বিবিসি জানায়, মস্কোর এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেছেন, “আমরা কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে, পেট্রো পোরোসেনকোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।”

আলোচনায় ইইউ কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রয়োজন পড়বে না বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইউক্রেইনের চলমান সামরিক অভিযানও ‘মারাত্মক ধরনের ভুল’ হিসাবে গণ্য হবে বলেও ল্যাভরভ মন্তব্য করেন।

ওদিকে, পোরোসেনকো বলেছেন, তিনি শিগগিরই রাশিয়ার নেতাদের সঙ্গে কথা বলবেন।

আগামী মাসের শুরুতেই রুশ নেতাদের সঙ্গে এ বৈঠক হওয়ার আশা প্রকাশ করেন পোরোসেনকো। কিন্তু যে কোনো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী তৎপরতার বিরুদ্ধেও তিনি কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।