২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথে মিশর

নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মিশরে সোম ও মঙ্গলবার দুদিনব্যাপী ভোট গ্রহণ করা হচ্ছে। এই ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উত্তরাধিকারী নির্বাচন করা হবে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:58 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

এই প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত বছর মিশরের ইতিহাসে প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। তারপর থেকে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার দেশটি পরিচালনা করছে।

এ নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসিকে ক্ষমতা থেকে হঠানো সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তা আল সিসি সহজ জয় পাবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী ঝানু বামপন্থী রাজনীতিবিদ হামদিন সাবাহি।

ইসলামপন্থী জঙ্গিরা নির্বাচন বাধাগ্রস্থ করতে পারে এই আশঙ্কায় মিশরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কয়েক বছর ধরে চলা অস্থিতিশীলতার অবসানে দেশবাসীর প্রতি তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ৫৯ বছর বয়সী সিসি। সহজ জয় না পেয়ে অন্য কোনো কিছু হলে তা বিস্ময়ের উৎস হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গত বছর ব্যাপক গণরোষের মুখে প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করে জেনারেল সিসি’র নেতৃত্বাধীন সেনাবাহিনী। এরপর তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের করে তাকে বিচারের মুখোমুখি করা হয়। তবে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তার দল মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করে মিশরের সেনা কর্তৃপক্ষ। সংগঠনটিকে “সন্ত্রাসী সংগঠন” ঘোষণা করে এর জ্যেষ্ঠ নেতাসহ কয়েক হাজার সদস্যকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।

সিসি ও সাবাহি, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই জয়ী হলে মুসলিম ব্রাদারহুডকে বৈধতা না দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।