২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির উদ্দেশ্যে ভারতীয় জিহাদির বার্তা

২০০৬ সালে বিহারের বাইরিয়া গ্রামের এক মসজিদে নামাজিদের যুদ্ধের জন্য তৈরি হতে বলছিলেন ছোটখাট গড়নের অল্প বয়সী ব্যক্তিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 03:46 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

গুজরাটের হিন্দু মুসলিম দাঙ্গার জন্য দায়ী লোকটি যে ক্ষমতাশালী হয়ে উঠছে সেই ব্যাপারে তিনি সর্তক করেন সমবেতদের।

ভারতীয় মুসলমানদের ভয়াবহ এক আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেন যা এমনকি তাদের নিঃশেষ করে দিতে পারে। স্থানীয় অগ্রজেরা এই ধরনের বক্তব্য শুনে তাকে থামিয়ে দেন। স্থানীয় পুলিশের রেকর্ডে দেখা যায় কয়েক ঘন্টা ধরে সেখানে চলেছিল সাম্প্রদায়িক উত্তেজনা।

এই বক্তা হায়দার আলি, যাকে বন্ধুরা গাত্রবর্ণের কারণে মজা করে ডাকতো ‘ব্ল্যাক বিউটি নামে। সেই ঘটনার পর তিনি আর কখনই গ্রামে ফিরে আসেননি।

বুধবার বাইরিয়া গ্রামের বাসিন্দারা আলিকে দেখেছেন টেলিভিশনের পর্দায়, কারন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, ২৭ অক্টোবর (২০১৩) ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাটনা জনসভায় হামলা। এটি ছিলো মোদিকে হত্যার তৃতীয় চেষ্টা।

যদিও আলিকে ধরতে পারাটা ভারতীয় গোয়েন্দা বাহিনীর জন্য বড় ধরনের সাফল্য। তবে এতে আনন্দে গা ভাসিয়ে দেয়াটা ঠিক হবে না। ভারতীয় মুজাহেদিনের একাংশ আনসার-উল-তাওহিদের, মানে এক আল্লাহর সৈনিক, ভিডিওচিত্র ‘দ্য হিন্দু’র হাতে এসেছে। ওই ভিডিওচিত্রে সংগঠনটির সদস্যদের আল কায়েদার ওয়াজিরিস্তানের ক্যাম্পে সশস্ত্র প্রশিক্ষণ নিতে দেখা যায়।

আলির জীবনের গল্পের সঙ্গে অদ্ভুত রকম মিল আছে যাকে তিনি মারতে চেয়েছিলেন সেই মোদির সঙ্গে। মুহম্মদ আলম আনসারির দারিদ্রপীড়িত ঘরে আলির জন্ম ২১ অগাস্ট, ১৯৮৮ সালে।

আনসারি ছিলেন পোলিওর শিকার, কাজ করতেন দর্জির। খুব ভালো দিনে ৫০ টাকার মতো আয় করতেন। অন্যদিন তার পরিবারকে অভুক্তই থাকতে হতো। আলি যখন দশম শ্রেনীর ছাত্র তখন হঠাৎ একদিন আনসারি পাশের রাজ্য ঝাড়খন্ডের দোরন্দায় চলে যান, যার কারণ এখনও অস্পষ্ট।

আলি যদিও কঠিন পরিস্থিতিতে বড় হয়েছেন তবুও তার মধ্যে এক ধরনের দৃঢ়তা আছে। বাইরিয়া হাইস্কুল থেকে মাধ্যমিক শেষে, দোরান্দার কলেজ পেরিয়ে রাঁচি বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে পড়ার সুযোগ করে নেন তিনি।

বিহারের অসংখ্য তরুণের মতো তিনিও চাইলে সরকারি বা বেসরকারি চাকরির বাজারের অংশ নিতে পারতেন। কিন্তু তিনি গেলেন অন্যপথে, ঢুকে পড়লেন উগ্র ডানপন্থি ইসলামি রাজনীতির ছাত্র সংঘ ‘স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া’ (সিমি) তে যার নেতৃত্বে আছেন সাফদার নাগরি।

আলির বাবা আনসারি মনে করেন দারিদ্র্যের কারণে তার ছেলের সমাজের প্রতি বিদ্বেষ তৈরি। এটা মনে করার যথেষ্ট কারণ আছে। আনসারি তার ছেলেকে সর্বশেষ দেখেছেন ২০১০-১১ তে, যখন আলিকে বাড়িওয়ালা ভাড়া না দিতে পারার জন্য ঘর ছেড়ে দিতে বলেছিলেন। রেগেমেগে কিছুদিন উধাও থেকে আবার ফিরে আসেন আলি। আনসারি দ্য হিন্দুকে জানান ‘‘ও আমার দোকান হাতিতোলা এলাকায় সরিয়ে নিয়ে আসতে বলে। রাজি না হতেই আমাকে ভয় দেখিয়ে বলেছিল দোকান না সরালে সব কিছু ছুঁড়ে ফেলে দেব। এর পর আর কখনই দেখিনি ওকে”।

এটাও বেশ স্পষ্ট যে মুম্বাইয়ের এক বিশেষ ব্যক্তি আলির এই উন্মত্ত হয়ে ওঠার ব্যাপারে ভূমিকা রেখেছেন।

২০০১ সালে আব্দুল সুবহান কুরেশি নামের এক তরুণ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নামকরা ডেটামেটিকস কম্পিউটার কোম্পানি থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে কুরেশি বলেছিলেন ‘‘পুরো বছর ধর্মীয় ও আধ্যাত্মিকতায় কাটাতে চান”। তারপরই যোগ দেন সিমিতে, তাও সার্বক্ষণিকভাবে। এই কুরেশি কিন্তু মুম্বাইয়ের অভিজাত অ্যান্টনিও ডি’ সুজা স্কুল ও ভারতীয় বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন। আগের কাজের ক্ষেত্র উইপ্রোতে ছিলেন একজন ‘স্টার পারফরমার’।

কুরেশি সিমির আন্ডারগ্রাউন্ড কার্যক্রম বিহারে বিস্তৃত করার ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন। তার দুই সহযোগী মানজার আলম ও ফয়সাল খানকেই ধরা হয় আলির রিক্রুটার হিসেবে। কুরেশি অবশ্য সিমি’র ভাবধারা বিষয়ক কিছু ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে গড়ে তোলেন ইন্ডিয়ান মুজাহেদিন।

কুরেশি ২০০৮ সালে ইন্ডিয়ান মুজাহেদিনের একটি দলের সঙ্গে রাঁচিতে লুকিয়েছিলেন, যখন এই গোষ্ঠীর ওপর দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছিল পুলিশ বাহিনী। এই দলটিই পরবর্তী সময়ে ইন্ডিয়ান মুজাহেদিনের বেশ হাইপ্রোফাইল পালিয়ে বেড়ানো জিহাদিদের আশ্রয় দিয়েছিল। এরমধ্যে সবচে’ উল্লেখযোগ্য মুহম্মদ আহমেদ জারার সিদ্দিবাপা ওরফে ইয়াসিন ভাকতাল।

মোদির ওপরে হামলায় বলা হয়, আলি তার ঘনিষ্ঠ বন্ধুদের উপর ভরসা রেখেছিলেন, যাদের মধ্যে মুজিবুল্ল্যাহ আনসারিকেও পুলিশ বুধবার গ্রেপ্তার করেছে। মুজিবুল্ল্যাহর শিক্ষাগত যোগ্যতাও বেশ ভালো, রাঁচির এসএস মেমোরিয়াল কলেজ থেকে নিয়েছেন বাণিজ্যের ব্যাচেলর ডিগ্রি। মুজিবুল্ল্যাহর পরিবারের আশা ছিল তার জুটবে ভালো বেতনের চাকরি। কিন্তু মুজিবুল্ল্যাহর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো রাজনীতি। ২০০৯-১০ সালে সক্রিয় কাজ করেছেন স্থানীয় ‘স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশনে’, এটি হচ্ছে জামায়াত-ই-ইসলামির তরুণদের সংগঠন। কিন্তু মুজিবুল্ল্যাহ আস্তে আস্তে সিমির জিহাদিদের দলে ভিড়ে যান।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’র (এনআইএ) দাবি সিদ্দিবাপা রাঁচিতে ইন্ডিয়ান মুজাহেদিনের কাজে সিমি’র একটি দলকে কাজে লাগানোর চেষ্টা করে ব্যর্থ হন। আদর্শিক মতভেদই এর কারণ। সাফদার নাগরি আবার বহুদিন ধরে বলে আসছিলেন যে তাদের ‘সুশৃঙ্খল’ ইসলামি বিদ্রোহের চিন্তা করা উচিত, বেসামরিক মানুষের উপরে আক্রমণ নয়।

এনআইএ’র ভাষ্যমতে মুজিবুল্ল্যাহ রাঁচির হিন্দিপাড়ার ইরাম লজের একটি রুমে বোমা বানানোর কাজটি করেন। এই বোমা পরে ব্যবহৃত হয়েছিলো বোধ গয়া মসজিদে ও মোদির জনসভায়।

ভারতীয় গোয়েন্দা সংস্থার বিশ্বাস তারা সর্বশেষ সক্রিয় জিহাদি দলটিকে ধংস করে দেবার পথে। কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে আরও নতুন দল উঠে আসছে। দক্ষিণ ভারতীয় ইসলামিক দলগুলোর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে গত (এপ্রিল) মাসের চেন্নাই-ব্যাঙ্গালুরুর ট্রেনে হামলার বিষয়ে।

জানা গেছে তামিলনাড়ুর কিছু ছাত্র সিরিয়াতে জিহাদিদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে। ইন্ডিয়ান মুজাহেদিনের সাবেক অপারেটিভদের মধ্যে মির্জা শাদাব বেগ, শাহনেওয়াজ আলম, মুহম্মদ ‘বাদা’ সাজিদ, আলমজেব আফ্রিদি, শাফি আরমার আর সুলতান আরমাররা পাকিস্তানে নতুন বাহিনী খুলে প্রশিক্ষিত হচ্ছে। শিগগিরই এরা এই ‘যুদ্ধ ভারতের মাটিতে লড়তে চইবেন এটা নিশ্চিত।

আনসার-উল-তাওহিদের ভিডিওতে হুমকি দিতে দেখা যায় এইভাবে ‘‘ভারতীয় মুসলমানরা দুর্বল নয়, যোদ্ধারা আফগানিস্থানের মতো পবিত্র অঞ্চল থেকে এগিয়ে আসছে, আগেও যেভাবে ধংসযজ্ঞ চালিয়েছি আবারও তাই করে দেখাবো।’’

এই হুমকি ভারতের গুরুত্বের সঙ্গে নেয়া উচিৎ।


ভারতীয় সংবাদিক ও আন্তর্জাতিক কৌশল এবং নিরাপত্তা বিষয়ক লেখক প্রাভিন সোয়ামি এর লেখা অবলম্বনে।