২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ন্ত শিশুকে ধরল পথচারী(ভিডিওসহ)

দোতলার জানালা থেকে পড়ে যাওয়া এক শিশুকে আপন বাহুতে জড়িয়ে ধরে রক্ষা করেছেন দুই চীনা নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 07:11 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার এমন একটি দৃশ্য চীনের গণমাধ্যম আর সমাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে।

দক্ষিণ চীনের গুয়াংডং রাজ্যে বজ্রঝড় শুরুর ঠিক আগ মুহূর্তে একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে পথচারীরা নিজ নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ভবনের দ্বিতীয় তলায় এক শিশুকে হামাগুড়ি দিয়ে জানালার কাছে আসতে দেখে থেমে যান এক পথচারী।

ভিডিওচিত্রে দেখা যায়, শিশুটি মাটিতে আছড়ে পড়ার আশঙ্কায় প্রথমে এক আগন্তুক থমকে দাঁড়ান। সঙ্গে সঙ্গে আরেকজন পথচারীও সেখানে এসে তার সঙ্গে যোগ দেন। দুজনই শিশুটিকে আগলে ধরার জন্য হাত মেলে ধরেন।

পরে শিশুটি ঠিকই ওপর থেকে পড়ে যায়। আর তখনই একজনের বাহুডোরে আবদ্ধ হয় সে। রোববারের ওই ঘটনা সম্পর্কে চীনের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, এক বছর বয়সী ওই শিশু বাসায় তার মাকে খুঁজতে খুঁজতে জানালার কাছে চলে যায়। শিশুটিকে আগলে ধরা লি নামের ওই পথচারী বলেন, “ওই সময় খুব বেশি চিন্তা করার সময় আমার ছিল না। বাচ্চাটি হাত ফসকে পড়ে যায় কিনা সেটাই ছিল আমার ভয় ”।