বোকো হারামের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা
নাইজেরিয়ার ইসলামিক জঙ্গি গোষ্ঠী বোকো হারামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
দুই শতাধিক স্কুলছাত্রী অপহরণের ৫ সপ্তাহ পর গোষ্ঠীটির বিরুদ্ধে এ পদক্ষেপ নিল জাতিসংঘ।
আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠনগুলোর কালো তালিকায় এখন নাম উঠবে বোকো হারামের। গোষ্ঠীটির ওপর আরোপ হবে অস্ত্র নিষেধাজ্ঞা, জব্দ হবে সম্পদ।
জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, “বোকো হারামকে দুর্বল করে ফেলা এবং এর ঘাতক নেতাদেরকে জবাবদিহির আওতায় আনার চেষ্টায় সহায়ক পদক্ষেপ হিসাবে এ জঙ্গি গোষ্ঠীটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করাটা প্রয়োজন ছিল”।
নিষেধাজ্ঞার ফলে গোষ্ঠীটির হাতে তহবিল এবং অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাবে।
নাইজেরিয়ার জস শহরে জোড়া বোমা হামলায় ১২২ জন নিহত হওয়ার পরদিন জাতিসংঘ বোকো হারামের ওপর এ নিষেধাজ্ঞা ঘোষণা করল। ওই হামলার ঘটনায় বোকো হারাম জড়িত বলে কর্তৃপক্ষ ধারণা করছে। তবে গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি।
আবু বকর শেকাউ এর নেতৃত্বাধীন বোকো হারাম গত ১৪ এপ্রিলে বর্নো রাজ্যের চিবোক শহর থেকে ২শ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণ করার পর ভিডিও প্রকাশ করে এ ঘটনার দায় স্বীকার করে। অপহৃতদের বাজারে বিক্রিরও হুমকি দেয় তারা।
