পুনরায় সংসদীয় দলের সভাপতি হচ্ছেন সোনিয়া
ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী পুনরায় দলটির সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
শনিবার দলটির বৈঠক শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।
সদ্যসমাপ্ত ১৬তম লোকসভা নির্বাচনে দেশটির ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি ইতিহাসের সবচেয়ে বিপর্যয়কর ফলাফলের শিকার হয়েছে। ৫৪৩ টি আসনের মধ্যে মাত্র ৪৪টি আসনে জয় পেয়েছে তারা।
নির্বাচনের পর এটিই হবে কংগ্রেসের সংসদীয় দলের প্রথম বৈঠক।
কংগ্রেসসূত্র জানিয়েছে, উত্তর প্রদেশের রায়বেরিলি আসন থেকে নির্বাচিত সোনিয়া গান্ধী পুনরায় দলটির সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হবেন।
সূত্র আরো জানায়, এরমধ্যদিয়ে তিনি সংসদের উচ্চ ও নিম্নকক্ষে বিরোধীদলীয় নতুন নেতাদের বেছে নেয়ার ক্ষমতা পাবেন।
দলটির সূত্র আরো জানিয়েছে, জ্যেষ্ঠনেতা ও ৯ বারের নির্বাচিত আইনপ্রণেতা কমল নাথ লোকসভায় বিরোধীদলীয় নেতা হওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
