থাইল্যান্ডে সামরিক আইন জারি
ছয় মাসেরও বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাইল্যান্ডে সামরিক আইন জারি করেছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামরিক আইন জারি করা হয়েছে।
এটা কোনো সামরিক অভ্যুত্থান নয় বলেও দাবি করা হয়েছে।
থাইল্যান্ডে রাজনৈতিক সঙ্কট নিরসনের উপায় হিসাবে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং বুনসঙপাইসান পদত্যাগের সম্ভাবনা নাকচ করার পরদিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো।
সেনাপ্রধান জেনারেল প্রাইউথ চ্যান-ওছা বলেছেন, সহিংস বিক্ষোভে জানমালের ক্ষতি হওয়ায় জনগণের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনী।
গত নভেম্বরে থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সহিংসতায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন।
“সহিংসতায় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। তাই দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সামরিক আইন জারি করেছি,” বলেছেন প্রাইউথ।
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স
চলমান সংকট থেকে বেরিয়ে আসতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ৭ মে সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তার নয় মন্ত্রীর পদত্যাগের পর থাইল্যান্ডে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়।
ইংলাকের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন বাণিজ্যমন্ত্রী নিউয়াত্তামরং বুনসঙপাইসান।
কিন্তু সরকার বিরোধী বিক্ষোভকারীরা বলছে, তার কোনো বৈধতা নেই এবং সংস্কার কাজ চালানোর জন্য তারা একটি ‘নিরপেক্ষ’ সরকার চায়।
