২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের ‘অবতার’ খুঁজে নিল ভারত?

অর্থনীতির মন্থর গতি এবং উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করা শত কোটি ভারতীয় এমন একজন নেতা খুঁজছিলেন, যিনি তাদের উদ্ধার করতে পারবেন।

রিয়াজুল বাশার

ভারত থেকে ফিরে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 10:57 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

পুরনো খবর:

মোদির সামনে অর্থনীতির ১০ চ্যালেঞ্জ
ইতিহাস গড়ে দিল্লির মসনদে চড়ছেন মোদি

কাজটি সহজ না হলেও ভারতবাসী ভেবে নিয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিই তাদের দেশকে দ্রুত অর্থনৈতিক ক্ষমতাধর দেশের তালিকায় নিয়ে যেতে পারবে।

এই কারণেই ধর্মনিরপেক্ষ দেশটিতে বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা অসাম্প্রদায়িক কংগ্রেসকে করুণ পরাজয় মানতে হয়েছে সাম্প্রদায়িক বিজেপির কাছে।

যার সায় পাওয়া যায় ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুবীর ভৌমিকের কথায়।

“বৈচিত্র্যময় ভারতের প্রয়োজন আরো উদার নেতা, যিনি বিভক্তি সৃষ্টি করবে না। সুতরাং ভারতবাসী কৃতজ্ঞ হবে সেই রকম নেতা পেয়ে যে মোদির মতো প্রতিশ্রুতি প্রদানে দক্ষ ও সক্ষম, কিন্তু তার মতো হিন্দুত্ববাদের বিজ্ঞাপনদাতা নন।”

“তবুও মোদিকে সবাই প্রধানমন্ত্রী বানিয়েছে অর্থনৈতিকভাবে ভারতকে অন্যতম শক্তিধর রাষ্ট্র বানানোর জন্য।”

অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখিয়ে মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলেও ধর্মনিরপেক্ষ ভারতকে ধরে রাখতে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে ভারতের সুশীল সমাজের প্রশ্ন থেকেই যাচ্ছে।

ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীন হওয়ার পর ১৬টি লোকসভা নির্বাচনে এবারই সবচেয়ে কম আসন পেয়েছে কংগ্রেস, যা দলটির একটানা ১০ বছরের শাসনের অবসান ঘটাল।

এর বিপরীতে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির স্লোগান নিয়ে ১৯৮০ সালে জন্ম হওয়া বিজেপি প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

‘আগ্রাসী নেতৃত্বগুণে’ নিজের বিরুদ্ধে ২০০২ সালের গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ ঢেকে জাত-পাত ও ধর্মীয় রাজনীতিতে বিভক্ত ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন মোদি।

আর এর সঙ্গে বড় পুঁজির ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যও কর্পোরেট জগতের কাছের মানুষ তিনি, যার প্রতিফলন পাওয়া যায় তার ভোটের প্রচারেও।

Image
রতন টাটা, মুকেশ আম্বানি, কে ভি কামাথের মতো শিল্পপতিদের সঙ্গে নরেন্দ্র মোদি

রতন টাটা, মুকেশ আম্বানি, কে ভি কামাথের মতো শিল্পপতিদের সঙ্গে নরেন্দ্র মোদি

গুজরাট উন্নয়নের মডেলকে সামনে রেখে আঞ্চলিক রাজনীতির পরিসর থেকে বয়োজ্যেষ্ঠ নেতাদের টপকে অনেকটা আকস্মিকভাবে সর্বভারতীয় রাজনীতিতে চলে আসেন মোদি।

নির্বাচনী প্রচারে ‘শক্তিশালী সরকার’ গড়ার আশা দিয়েছেন গুজরাটের তিনবারের মুখ্যমন্ত্রী। তাই মোদির মধ্যেই ভারতবাসী খুঁজে পেয়েছেন তাদের ‘পরিত্রাতাকে’।

মুম্বাইয়ের এসবিআই ফান্ড ব্যবস্থাপনার প্রধান বিনিয়োগ কর্মকর্তা নানভিট মুনটের কথাতেও ফুটে উঠল একই চিত্র।

তিনি রয়টার্সকে বলেন, “মোদি বলেছেন, শাসক নন, সেবক হতে চান। আমরা এটা সত্যি দেখতে চাই।”

ধর্মনিরপেক্ষতার আদর্শ ধারণ করে ১৩০ বছর ধর সক্রিয় কংগ্রেস অর্থনৈতিক ক্ষেত্রে ১৯৯০ এর আগে পর্যন্ত রক্ষণশীল নীতিতে চললেও বিংশ শতাব্দীর শেষ দশকে এসে নানা ধরনের অর্থনৈতিক সংস্কারে হাত দেয়।

১৯৯১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন নরসীমা রাওয়ের সরকারে অর্থমন্ত্রী থাকার সময় মনমোহন সিংয়ের হাত ধরে মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করে ভারত।

কিন্তু এরপর ২০০৪ সালে এবং সর্বশেষ ২০০৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা মনমোহন সিং প্রধানমন্ত্রীর থাকার সময়েই অর্থনৈতিক খাত নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে কংগ্রেসকে।

গত ১০ বছর ৭ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা ভারতে গত দুবছর প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে গেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মানুষেরা উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াইয়ে ক্লান্ত হয়ে শাসকের বিকল্প খুঁজেছিলেন। সেই সঙ্গে দুর্নীতি নিয়েও কংগ্রেসের ওপর বীতশ্রদ্ধ হয়ে ওঠে মানুষ।

এই সুযোগই নিয়েছেন মোদি। গত ১২ বছর শাষন ক্ষমতায় থাকার সময় শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুজরাটকে দেশের প্রধান সারিতে নিয়ে এসেছেন তিনি।

গত ছয় বছরে গুজরাটে জিডিপি প্রবৃদ্ধির হার ১০ দশমিক ১৩ শতাংশ, যার ওপরে রয়েছে শুধু তামিলনাড়ু রাজ্য। নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়ায় দেশি বিদেশি বড় বড় বিনিয়োগকারী মোদির রাজ্যে ছুটে গেছেন অর্থ লগ্নি করতে।

নিজে মুখ্যমন্ত্রী থাকার সময় দাঙ্গায় সহস্রাধিক মুসলমানের মুত্যুর কারণে একসময় দেশে ও বিদেশে প্রবল সমালোচনায় পড়লেও গুজরাটের বিনিয়োগকে পুঁজি করেই ভারতবাসীকে স্বপ্ন দেখিয়েছেন নরেন্দ্র মোদি।

মন্থর অর্থনীতির মধ্যে থাকা ভারতবাসী এবং দেশি বিদেশি পুঁজি লগ্নিকারীরা মোদিকে দেখেছেন তাদের ভবিষ্যৎ উন্নয়নের ‘রূপকার’ হিসেবে।

বড় বড় ব্যবসায়িক গোষ্ঠির মালিকানাধীন গণমাধ্যমগুলোও মোদিকে তুলে ধরেছেন ইতিবাচকভাবেই। তার প্রচারের বিশাল অর্থ কর্পোরেট জগত আসছে বলে কংগ্রেস অভিযোগ করে আসছে।

তাই গত সেপ্টেম্বরে মোদিকে যখন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হল, তারপর গত ছয় মাসে ভারতের পুঁজিবাজারে দেড় হাজার কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। মুম্বাই স্টক এক্সটেঞ্জের ২২ শতাংশ ইক্যুইটি এখন বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

মোদি হাওয়া তৈরি হওয়ার পর গত কয়েকমাস ধরেই ভারতের পুঁজিবাজার উর্ধ্বমুখী। শুক্রবার ফল প্রকাশের শুরুতে শেয়ার সূচক সেনসেক্স প্রায় ১ হাজার পয়েন্ট বেড়ে ২৫ হাজার পয়েন্ট অতিক্রম করে নতুন উচ্চতার রেকর্ড করেছে।

সুবীর ভৌমিক বলেন, “ভারতের জনগণ চায় একটি তেজি অর্থনীতি এবং স্বাধীন বিদেশ নীতি। মোদিও এটা অনুধাবন করতে পেরেছেন। এজন্যই তিনি একটি প্রচার সভায় বলেছেন, মন্দিরের চেয়ে শৌচাগার অনেক গুরুত্বপূর্ণ।”  

কিন্তু ভারতকে অর্থনৈতিক শক্তি করে তোলার জন্য যে অতি আশার চাপ তৈরি হয়েছে, তা কতটুকু পূরণ করতে পারবেন কিশোর বয়স থেকে কট্টর হিন্দুবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এক সময়ের চা বিক্রেতা নরেন্দ্র মোদি?

গুজরাট উন্নয়ন মডেল নিয়েও রয়েছে বিতর্ক। অবকাঠামো ও শিল্পের উন্নয়ন ঘটলেও মানব ও সামাজিক উন্নয়ন সূচকে ভারতের অনেক পিছিয়ে পড়া রাজ্যের তুলনায় গুজরাটের অবস্থান নিচে।

মাথাপিছু আয়ে বিহার, তামিলনাড়ু, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের পরে গুজরাটের অবস্থান। সুপেয় পানির প্রাপ্যতার হিসেবেও মোদির রাজ্যের অবস্থান পেছনে।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাবেক রাজনৈতিক সম্পাদক নিরজা চৌধুরী রয়টার্সকে বলেন, “জনগণ তাকে খুব বেশি সময় দেবে না। উনি কাজের লোক, তাই আমি মনে করি অর্থনৈতিক সংস্কারে বেশি সময়ক্ষেপণ করবেন না।”

Image
ভোটের ফল প্রকাশের পর প্রথম জনসভায় নরেন্দ্র মোদি

ভোটের ফল প্রকাশের পর প্রথম জনসভায় নরেন্দ্র মোদি

অর্থনৈতিক সংস্কারের সঙ্গে কট্টর হিন্দুত্ববাদকেও ছাড়েননি মোদি। যার ফলে উত্তর প্রদেশের মতো হিন্দু বলয় অঞ্চলে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে পেছনে ফেলে গতবারের থেকে কয়েকগুণ আসন বাড়িয়েছে বিজেপি।

তবে অর্থনৈতিক সংস্কার নিয়ে এতে আশা থাকার পরেও ভারতের বিভিন্ন ধর্ম ও জাতের মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার মোদি কতটা রক্ষা করতে পারবেন?

কংগ্রেসের বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে গড়ে ওঠা ধর্মভিত্তিক ভারতীয় জন সংঘের ধংসস্তূপ থেকেই আজকের বিজেপির সৃষ্টি। ১৯৮৪ সালের নির্বাচনে মাত্র দুটি আসন পেলেও রামজন্মভূমির নামে ধর্মীয় আন্দোলন করে বিজেপি তার জনপ্রিয়তা বাড়ায়।

পরবর্তীতে রথযাত্রা করে ১৯৯২ সালে বাবরি মসজিদে হামলা করলে পুরো উপমহাদেশেই হিন্দু-মুসলমান দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে অবশ্য বিজেপির জনপ্রিয়তা বেড়ে যায় এবং এ ঘটনার কয়েকবছরের মধ্যেই রাষ্ট্রক্ষমতায় চলে আসে দলটি।

তাই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বিজেপির সঙ্গে ভারতের ধর্মনিরপেক্ষ সুশীল সমাজের সংঘাত রয়েছে। মোদি অর্থনৈতিক উন্নতির আশা দিয়ে ক্ষমতায় এলেও ভারতের একটা বিরাট অংশের শিক্ষিত সমাজের মন জয় করা এখনো কঠিন।

বিজেপিতে সংখ্যালঘু প্রতিনিধি না থাকায় ইতোমধ্যেই সুশীল সমাজ থেকে প্রশ্ন উঠছে। আগে থেকেই মোদির সাম্প্রদায়িক ও অর্থনৈতিক নীতির বিরোধিতা করে আসছেন নোবেলজয়ী অমর্ত্য সেন, লেখক অমিতাভ ঘোষ, অরুন্ধতী রায় ও বিক্রম শেঠের মতো প্রথিতযশা ভারতীয়রা।

“ভাবনার বিষয় হলো, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় মোদি কর্তৃত্ববাদী আচরণ করেছেন। কিন্তু ভারত শাসন করতে হলে তাকে উদার হতে হবে। এটা না হলে যে জনগণ তাকে ক্ষমতায় বসাচ্ছে, তারাই তাকে ছাড়বে না,” বলেন সুবীর ভৌমিক।

(লোকসভা নির্বাচনের সময়টাতে ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার, ভোটের ফল বিশ্লেষণ করেছেন তিনি)