খনি বিস্ফোরণ: তুরস্ক জুড়ে প্রতিবাদ
তুরস্কে কয়লাখনি দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘট করেছে দেশটির শ্রমিক সংগঠনগুলো। সরকারিভাবেও তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার দুর্ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সর্বমোট ২৮২টি মৃতদেহ উদ্ধার করা গেছে। এখনো ১৫০ শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জ্বালানিমন্ত্রী তেনার ইলদিজ জানিয়েছেন।
তুরস্কের সোমা এলাকায় মঙ্গলবার রাতে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ৭৮৭ জন শ্রমিক ওই খনির অভ্যন্তরে অবস্থান করছিলেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, সরকারের বেসরকারিকরণ নীতির কারণে খনি শিল্পে কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মঙ্গলবারের দুর্ঘটনা দুর্বল নিরাপত্তা ব্যবস্থারই ফল।
খনি দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে বৃহস্পতিবার তুরস্কের প্রধান শ্রমিক সংগঠন ধর্মঘট পালন করছে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে শ্রমিকদেরকে বিক্ষোভ করতে দেখা যায়।
বুধবার দুর্ঘটনাস্থল সোমা কয়লাখনি পরিদর্শনে গেলে বিক্ষোভকারীদের রোষানলে পড়েন প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোয়ান। তারা এরদোয়ানকে উদ্দেশ করে শিস দেয় এবং তার গাড়িতে লাথি মারে।
সরকারি কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ৩৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বুধবার বিকেলের পর নতুন করে আর কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শ্রমিক নেতাদের অভিযোগ, কয়লাখনিসহ অন্যান্য সরকারি কোম্পানিকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেয়ার ফলে সেখানে শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যাপকহারে বিঘ্নিত হচ্ছে। ২০০৫ সালে সোমা কয়লাখনিকে বেসরকারিকরণ করা হয়।
বৈদ্যুতিক ত্রুটি
মঙ্গলবার রাতে খনিটিতে বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রথম বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খনির যোগাযোগও ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই কিলোমিটার গভীরে অবস্থান করছিলেন। খনির প্রবেশমুখ থেকে তাদের অবস্থানস্থলের দূরত্ব ছিল চার কিলোমিটার।
মঙ্গলবারের বিস্ফোরণ তুরস্কের খনিশিল্পে ভয়াবহতম দুর্ঘটনাগুলোর অন্যতম। এর আগে ১৯৯২ সালে কৃষ্ণসাগর এলাকায় জঙ্গুলডাক খনিতে দুর্ঘটনায় ২৬৩ জন নিহত হয়েছিলেন।
