বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ ইউক্রেইনীয় সেনা নিহত
ইউক্রেইনের দোনেস্ক অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের এক চোরাগোপ্তা হামলায় সাত ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার দোনেস্কের ক্রামাতোর্স্ক শহরের কাছে ভারী অস্ত্রে সজ্জিত ৩০ জন বিচ্ছিন্নতাবাদী ইউক্রেইনীয় সেনাদের একটি ইউনিটের হামলাটি চালায় বলে ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এ সময় এক বিচ্ছিন্নতাবাদীও নিহত হন বলে জানা গেছে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমন অভিযানে নামার পর এটিই ইউক্রেইন সেনাদলের পক্ষে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।
একটি গণভোটে রায় পাওয়ার পর পূর্ব ইউক্রেইনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল ইউক্রেইন থেকে নিজেদের বিচ্ছিন্নতার ঘোষণা দেয়। ওই গণভোট অবৈধ বলে নিন্দা করেছে কিয়েভ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ছত্রীসেনাদের বহনকারী একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়।
এরপর ঝোপের আড়ালে লুকিয়ে থাকা বিদ্রোহীদের সঙ্গে সেনাদের গোলাগুলি শুরু হলে আরো সেনা নিহত ও আহত হন।
সোমবার দোনেস্কের স্বাধীনতা ঘোষণাকারী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ঘোষণা করেছিলেন, ওই অঞ্চলে মোতায়েন সব ইউক্রেইনীয় সেনাদের দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করা হবে, তাদের দোনেস্ক থেকে চলে যাওয়ারও আহ্বান জানানো হয়।
বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন দোনেস্ক অঞ্চলকে “নিজেদের অংশ” করে নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে প্রতিবেশী লুহানেস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তাদের এক নেতার প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে।
ভ্যালেরি বলোটোভ নামের লুহানস্কের এক স্বঘোষিত গভর্নর গুলিবিদ্ধ হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তবে তিনি প্রাণে বেঁচে যান বলে “লুহানস্ক পিপলস রিপাবলিক”র গণমাধ্যম দপ্তর জানিয়েছে।
