নিষেধাজ্ঞা ইউক্রেইন শান্তি প্রচেষ্টা ক্ষুন্ন করবে: রাশিয়া
রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞার ফলে ইউক্রেইন সঙ্কট সমাধানের চেষ্টা ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেছে মস্কো।
পূর্ব ইউক্রেইনের দুটি অঞ্চলে রোববারের গণভোটের পর ইইউ ক্রিমিয়ার দুটি কোম্পানিসহ ১৩ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রাশিয়া এ নিষেধাজ্ঞার বদলে বরং ইউক্রেইনে ২৫ মে’র প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নিয়ে কিয়েভকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানে চাপ দেয়ার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এবং লুহানস্কে স্ব-শাসন প্রশ্নে গণভোটের ফল কিয়েভের জন্য গভীর সঙ্কটের একটি পরিষ্কার সঙ্কেত।
ক্রেমলিন ওই দুই অঞ্চলের স্বাধীনতা কিংবা অঞ্চল দুটিকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে নিশ্চুপ থাকলেও বলেছে, গণভোট ইউক্রেইনের পশ্চিমাপন্থি কিয়েভ সরকার এবং পূর্বের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বিবৃতিতে বলা হয়, “ইইউ এবং যুক্তরাষ্ট্র তাদের প্রভাব খাটিয়ে কিয়েভ সরকারকে ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো এবং পূর্ব ইউক্রেইনের দুই অঞ্চলের অধিকারকে সম্মান দেখানোর বিষয়টি নিয়ে জলদি আলোচনায় বসানোর চেষ্টা করবে বলে মস্কো আশা করে”।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেইনের জনগণ তাদের অধিকারের সুরক্ষার ব্যাপারে আস্থা না পেলে ইউক্রেইনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বৈধ হবে না।
