গণভোটে জয় দাবি পূর্ব ইউক্রেইনের রুশপন্থীদের
পূর্ব ইউক্রেইনের “স্বশাসন” শুরু করার প্রশ্নে নিজেদের উদ্যোগে আয়োজিত গণভোটে জয় দাবি করেছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা।
বিচ্ছিন্নতাবাদীদের কারো কারো ধারণা এই ভোটের ফলে পূর্ব ইউক্রেইন স্বাধীন হবে আর অন্যদের মতে এরফলে অঞ্চলটি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুক্ত হবে।
রোববার অনুষ্ঠিত এই ভোটে ব্যালট পেপারে ইউক্রেইনীয় ও রুশ ভাষায় একটিই প্রশ্ন রাখা হয়েছে, সেটি হল, “আপনি কি দোনেস্ক প্রজাতন্ত্র/লুহানস্ক প্রজাতন্ত্রের স্ব-শাসিত রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন?”
ওই প্রশ্নের উত্তরে ভোটদাতাদের ৯০ শতাংশ “হ্যাঁ” ভোট দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিহীন এই গণভোটের রুশপন্থী উদ্যোক্তারা।
ভোট শেষ হওয়ার আগে এক বিচ্ছিন্নতাবাদী নেতা বলেছেন, ফলাফল অনুকূলে হলে অঞ্চলটিতে একটি নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা গঠন করা হবে যার নিজস্ব সেনাবাহিনী থাকবে।
এপ্রিলে পূর্ব ইউক্রেইনের প্রধান প্রধান শহরগুলোর সরকারি দপ্তরগুলো দখল করে নেয়ার মাধ্যমে সশস্ত্র রুশপন্থীরা বিচ্ছিন্নতাবাদী এই তৎপরতা শুরু করেছিল।
তবে বিচ্ছিন্নতাবাদীদের অন্য একজন নেতা বলেছেন, এই গণভোটে পূর্ব ইউক্রেইনের সাধারণ মানুষ কী চায় তার প্রতিফলন ঘটবে, তারা ইউক্রেইনের সঙ্গে থাকবে, না নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, নাকি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে।
ভোটের ফল কী এটি জানাতে চাওয়া হলে দোনেস্কে বিচ্ছিন্নতাবাদী নির্বাচন কমিশনের প্রধান রোমান লিয়াজিন বলেছেন, “ঊনানব্বই শতাংশ, এটাই।”
ইউক্রেইনের রাজধানী কিয়েভের সরকার এ গণভোটকে ‘অবৈধ’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।
বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই গণভোট গ্রহণ পিছিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানে ওই এলাকার উত্তেজনা প্রশমিত হতে পারে বলে ক্ষীণ আশা জেগেছিল। কিন্তু পুতিনের আহ্বান উপেক্ষা করে গণভোট আয়োজনে অটল থাকে বিচ্ছিন্নতাবাদীরা।
ইউক্রেইনে অস্থিরতা সৃষ্টির জন্য পুতিনকে দায়ী করেছে পশ্চিমা শক্তিগুলো, তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তিগুলোও এ গণভোটকে ‘অবৈধ’ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে।
