২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাচুনে ব্যাঙ’

ভারতের দক্ষিণাঞ্চলের বনে নতুন ১৪ প্রজাতির ব্যাঙের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। তারা এই প্রজাতির ব্যাঙগুলোকে ‘নাচুনে ব্যাঙ’ বলে অভিহিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 02:39 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

প্রজননের মওসুমে স্ত্রী ব্যাঙগুলোকে আকর্ষণ করতে পুরুষ ব্যাঙগুলো পা উঁচিয়ে নাচের ভঙ্গি করে। আর এ থেকেই প্রজাতিটি এ ধরনের নাম পেয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পরিবেশ ক্রম বিপর্যয়ের কারণে বিপণ্নপ্রায় এই ব্যাঙ রক্ষায় উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে।

এই আবিষ্কারের সঙ্গে জড়িত বিজ্ঞানী সত্যভামা দাস বিজু বলেন, ‘এ ধরনের নাচের ভঙ্গি বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই উত্তেজনার সৃষ্টি করে। ব্যাঙের নৃত্য, তা হয়তো অস্বাভাবিক মনে হবে। কিন্তু প্রজননকালে সঙ্গীকে আকৃষ্ট করার এটাই তাদের পন্থা। অবশ্য শত্রুর কাছ থেকে রক্ষা পেতেও এটি কার্যকর ভূমিকা রাখে।”

সত্যভামা দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

এ ধরনের নাচুনে ব্যাঙ মধ্য আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়। তবে ভারতীয় এই প্রজাতি থেকে সেই ব্যাঙগুলো সম্পূর্ণ ভিন্ন।

মহারাষ্ট্রের দক্ষিণাঞ্চলে নতুন এই ১৪ প্রজাতির ব্যাঙের খোঁজ পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। কোটি কোটি বছর আগে উদ্ভব হওয়া এরকম আরো অনেক প্রজাতির ব্যাঙ এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।

দক্ষিণাঞ্চলের এসব বনে প্রায় ১২ বছর গবেষণা করে এসব প্রজাতির খোঁজ পেয়েছেন তারা।

অধ্যাপক বিজু জানান, এরকম অনেক প্রজাতির খোঁজ পাওয়ার আগেই বিলুপ্ত হয়ে যাচ্ছে চিরকালের মতো।

অবশ্য বিপণ্ন এইসব প্রাণীদের রক্ষায় ভারত সরকার সংরক্ষিত অঞ্চল তৈরির জন্য কাজ করছে। আর তা সম্ভব হলে এসব বিলুপ্তপ্রাণী রক্ষা পেতে পারে।