২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লিনটনকে নিয়ে মুখ খুললেন মনিকা

হোয়াইট হাউসের এক সময়কার ইন্টার্ন মনিকা লিউনস্কি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে তার গোপন সম্পর্ক নিয়ে একটি লেখা প্রকাশ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2014, 02:52 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

১৯৯০ দশকে এই সম্পর্কের জেরে ক্লিনটনের প্রেসিডেন্সি প্রায় শেষ হতে বসেছিল।

মঙ্গলবার দীর্ঘ নীরবতা ভেঙে মনিকা জানিয়েছেন যা কিছু ঘটেছে তার জন্য তিনি অনুতপ্ত।

ভ্যানিটি ফেয়ার সাময়িকীর ওয়েবসাইটে মনিকার ওই লেখার অংশবিশেষ প্রকাশিত হয়।

৪০ বছর বয়সী মনিকা বলেছেন, “আমার অতীত এবং অন্যান্য মানুষের ভবিষ্যতে উঁকিঝুঁকি মারা বন্ধ করার সময় হয়েছে। ভিন্নভাবে আমার কাহিনি শেষ করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

ক্লিনটনের সঙ্গে তার সম্পর্কটি ছিল দু’জন প্রাপ্তবয়স্কের অনুমোদিত সম্পর্ক এবং এ সম্পর্ক নিয়ে যে লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছে তা তার জীবনের গতি পরিবর্তন করে দিয়েছে বলে লিখেছেন তিনি।

এক জায়গায় তিনি লিখেছেন, “তার ক্ষমতা রক্ষা করতে সব দোষ আমি নিজের ওপর নিয়েছি।”

“আমার এবং প্রেসিডেন্ট ক্লিনটনের মধ্যে যা হয়েছিল তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমাকে এটি আবারও বলতে দিন, যা হয়েছিল তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।”

এই সম্পর্কের জন্য ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটনকে ‘ইমপিচ’ করেছিল। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ক্লিনটনকে নিরপরাধ ঘোষণা করার পর ক্লিনটন প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করতে পেরেছিলেন।

তদন্ত চলাকালে এবং এরপর আরো এক দুবার মনিকা আত্মহত্যা করার দিকে ঝুঁকে পড়েছিলেন বলে জানিয়েছেন।

এই কেলেঙ্কারির পর মনিকা পুরোপুরি দৃষ্টির আড়ালে চলে যান। তারপর লন্ডনের স্কুল অব ইকোনমিকস থেকে সামাজিক মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর লস এঞ্জেলস, নিউইয়র্ক ও অরেগনের পোর্টল্যান্ডে বসবাস করেন।