ওডেসার পুলিশ সদরদপ্তরে রুশপন্থিদের হামলা
ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় সহিংসতায় ৪২ জন নিহতের দু’দিনের মাথায় পুলিশ সদরদপ্তরে হামলা করেছে রুশপন্থি আন্দোলনকারীরা।
এ হামলার ঘটনায় শুক্রবারের সহিংসতার সময় আটক কয়েকজনকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পুলিশ।
ওইদিনের সহিংসতায় অন্তত ৪২ জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী। ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সহিংসতা ঠেকাতে ব্যর্থতার জন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছেন।
বড় ধরনের ওই সহিংসতার রেশ না কাটতেই রোববার শ’ শ’ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী ওডেসার পুলিশ সদরপ্তরে হামলে পড়ে। রুশপন্থিদের শান্তিপূর্ণ মিছিল হঠাৎই সহিংসতায় রূপ নিলে মুখোশ পরা ও অস্ত্রধারী রুশপন্থি কর্মীরা দপ্তরের জানালা-দরজা ভেঙে জোর করে ভেতরে প্রবেশ করে।
অবস্থা বেগতিক দেখে পুলিশ তড়িঘড়ি আটক কয়েকজনকে মুক্তি দেয়। বিক্ষুব্ধরা এ সময় “রাশিয়া রাশিয়া” স্লোগান দিচ্ছিল।
ঘটনাস্থল থেকে ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ এর সংবাদদাতা জানান, আন্দোলনকারীরা পুলিশ সদরদপ্তরে ইউক্রেইনের পতাকা নামিয়ে ওডেসা নগরীর পতাকা ওড়ায়। একটি লরিতে করে তারা সোজা ঢুকে পড়ে পুলিশ কম্পাউন্ডে।
ওডেসায় সহিংসতা ঠেকাতে ব্যর্থতার জন্য আঞ্চলিক পুলিশ প্রধানকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক। সহিংসতা উস্কে দেয়ার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
