২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওডেসায় সহিংসতা: নিরাপত্তা বাহিনীকে দোষারোপ

ইউক্রেইনে দক্ষিণাঞ্চলীয় ওডেসায় সহিংসতা থামাতে ব্যর্থতার জন্য নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শহরটিতে রুশপন্থি আন্দোলনকারী ও ইউক্রেইনের অখণ্ডতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪২ জন নিহত হয়। সংঘর্ষ থামাতে শহরটিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী ছিল না এবং তারা আইনও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।

সহিংসতার ঘটনা পুরোপুরি এবং নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে বলে জানান ইয়াতসেনিয়ুক।

ওডেসায় সহিংসতা সম্পর্কে ইয়াতসেনিয়ুক বলেন, “হামলা ঠেকাতে কিছু না করার জন্য আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী কার্যালয়কে দায়ী করব। তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি এবং আইন ভঙ্গ করেছে”।

ওডেসার আঞ্চলিক পুলিশ প্রধানকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে এবং কৌঁসুলির কার্যালয় তদন্ত শুরু করেছে। পুলিশ প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যায়ের প্রতিটি পুলিশ কর্মকর্তার ওপরই তদন্ত চলবে বলে জানিয়েছেন ইয়াতসেনিয়ুক।

ফেব্রুয়ারিতে ইউক্রেইনের রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত শুক্রবারের সহিংসতার ঘটনাই দেশটির সবচেয়ে বড় সহিংস ঘটনা।

পুলিশ জানিয়েছে, ওডেসার ট্রেড ইউনিয়ন ভবনে অগ্নিসংযোগ করা হলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে মানুষজন মারা যায়। সহিংসতা উস্কে দেয়ার পেছনে রাশিয়াপন্থি গোষ্ঠীর হাত রয়েছে বলে দোষারোপ করেছেন ইয়াতসেনিয়ুক।