বাংলাদেশিদের ‘তাড়াতে’ চাইলেও ঢাকার বন্ধুত্ব চান মোদি
ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিজেপি নেতা নরেন্দ্র মোদি ভারত থেকে ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ তাড়ানোর কথা বললেও ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ইচ্ছা রয়েছে তার।
শুক্রবার উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারণাকালে মোদি সাংবাদিকদের বলেন, “ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময় ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক ভালো থাকবে, এ বিষয়ে আমি নিশ্চিত।”
গত রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, তার সরকার ক্ষমতায় এলে তিনি ‘অবৈধ’ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করবেন।
“আপনারা এটি লিখে রাখতে পারেন। ১৬ মে’র পর এসব বাংলাদেশি ব্যাগট্যাগ গুছিয়ে তৈরি হয়ে থাকলেই ভালো করবে।”
কথিত অবৈধ অভিবাসীদেরকে বাংলাদেশে ফেরত পাঠালে কিভাবে দুই দেশের সুসম্পর্ক বজায় থাকবে- এ প্রশ্নের উত্তরে মোদি বলেন, এ ধরনের অবৈধ অভিবাসীদেরকে তিনি ‘স্ব উদ্যোগে ফিরে যেতে’ বলবেন।
“প্রতিবেশী দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে এসে ভোটব্যাংক তৈরি করার রাজনীতির বিরোধী আমি। এরকম রাজনীতি কংগ্রেস ও বামপন্থিরা করে আসছে, আর এখন করছে তৃণমূল কংগ্রেস।”
“তবে এটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার; এ নিয়ে বাংলাদেশ সরকারের চিন্তিত হওয়ার কারণ নেই,” বলেন মোদি।
তিনি বলেন, “এ বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে- এসব অবৈধ অভিবাসীদেরকে ভোটব্যাংকে পরিণত করার রাজনীতি আমি সহ্য করব না।”
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর বিরুদ্ধে ঢাকার কঠোর অবস্থান এবং ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপের প্রশংসাও করেন মোদি।
