আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ১০
ভারতের আসামের কোকরাজহার জেলায় ১০ জন নিহত হয়েছেন। এটি দুই বছর আগে নৃ-গোষ্ঠীদের মধ্যকার সহিংতার ঘটনাই মনে করিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাদেশিক সরকার ১০ কোম্পানি আধা সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছে। পাশাপাশি সেনা বাহিনীকেও তৈরি থাকার নির্দেশ দিয়েছে।
২০১২ সালে ওই অঞ্চলে নৃ-গোষ্ঠী বোড়ো ও মুসলিমদের মধ্যে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার হত্যাকাণ্ডগুলো পৃথক হামলায় ঘটেছে।
সন্দেহভাজন নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের সদস্যরা কোকরাজহারের তুলসিবিল এলাকার একটি গ্রামে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে সাতজনকে হত্যা করে। নিহতদের মধ্যে চার নারী ও দুই শিশু রয়েছেন। এ সময় তিনজন আহত হন।
এরআগে একই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বকশ এলাকায় তিনজনেরও বেশি মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী নৃ-গোষ্ঠী বোড়োদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালাচ্ছে।
২৪ এপ্রিল অঞ্চলটিতে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের পর এই ধারাবাহিক হামলা-সহিংসতার ঘটনা পুনরায় শুরু হয়।
