চেন্নাইয়ে ট্রেনে বোমা বিস্ফোরণ, নিহত ১
ভারতের চেন্নাইয়ের কেন্দ্রীয় রেলস্টেশনে একটি ট্রেনে দুটি বোমা বিস্ফোরণে একনারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয় জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।
জানা গেছে, এক ব্যক্তিকে ট্রেনে আত্মগোপন করে থাকা অবস্থায় পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সময় সকাল ৭.১৫ মিনিটের দিকে গৌহাটি-ব্যাঙ্গালুরু এক্সপ্রেসের দুটি স্লিপার বগিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশনে ঢোকার পরপরই বোমাগুলো বিস্ফোরিত হয়।
এই স্টেশনে ৯-১০ মিনিটের বিরতি ছিল।
বিস্ফোরিত বোমা দুটির একটি স্বাতী নামের ২৪ বছর বয়সী এক নারীর আসনের নিচে ছিল। তিনি ঘটনাস্থলেই মারা যান। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি ব্যাঙ্গালুরু থেকে যশোদার উদ্দেশ্যে যাচ্ছিলেন। চেন্নাইয়ে থাকা তার আত্মীয়দের খবর পাঠানো হয়েছে।
রেলমন্ত্রী মালিকার্জুন খারগে জানিয়েছেন, এ ঘটনা তদন্তে দিল্লি থেকে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
রাজ্য সরকার এ ঘটনার পুলিশি তদন্তের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি নিহত নারীর পরিবারকে এক লাখ রূপি ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করেছে।
