২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা: ৭ম পর্বের ভোটে পরীক্ষায় মোদি-সোনিয়া

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ সাধারণ নির্বাচনের এই পর্বে লড়ছেন শীর্ষ রাজনীতিক বিজেপি নেতা নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, এল কে আদভানি, রাজনাথ সিং ও মুরলি মনোহর যোশিসহ বেশ কয়েকজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 01:09 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বুধবার গুজরাট ও পাঞ্জাবের সবগুলো আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে গুজরাটের আহমেদাবাদে মোদির ভোট দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, এ পর্বে সাতটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। এসব আসনের মোট ভোটার ১৩ কোটি ৮৩ লাখ।

এর আগে ৭ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভার নির্বাচনের ছয় পর্বে ৩শ’৪৯টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে।

এ পর্বে গুজরাট, পাঞ্জব, তেলেঙ্গানা, উত্তর প্রদেশে, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু ও কাশ্মির এবং কেন্দ্র শাসিত দাদরা ও নগর হ্যাভেলি এবং দমন ও দিউয়ে ভোট গ্রহণ হয়।

এদিন সকালে গুজরাটের আহমেদাবাদ কেন্দ্রে ভোট দিয়েছে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দেয়ার পর অমোচনীয় কালি লাগানো আঙ্গুল সামনে ধরে নিজের মোবাইলে নিজের ছবি (সেলফি) তুলেন তিনি। পরে ট্যুইটার একাউন্টে ওই ছবি পোস্ট করে লিখেন, “ভোট দিয়েছি!এই আমার সেলফি।”

তবে ভোটকেন্দ্রের বাইরে দলীয় প্রতীক প্রদর্শন ও গণমাধ্যমের সামনে রাজনীতিক বক্তব্য দেয়ার দায়ে ইতোমধেই মোদির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে এনডিটিভির খবরে বলা হয়।

মোদি গুজরাটের ভদোদরা আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধির ঘনিষ্ঠ রাজনীতিবিদ মধুসূদন মিস্ত্রি। এই গুজরাটেরই গান্ধিনগর থেকে প্রার্থী হয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা লালকৃষ্ণ আদভানি।

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি উত্তর প্রদেশের রায়বেরিলি আসনে প্রার্থী হয়েছেন। আর রাজ্যটির প্রধান শহর লখনৌ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

একই রাজ্যের কানপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিজেপি সভাপতি মুরলি মনোহর জোশী৷

ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানায় লোকসভার ১৭টি আসনের পাশাপাশি বিধানসভার ১১৯টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই রাজ্যটির প্রথম সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার আগামী ২ জুন থেকে নতুন রাজ্যের কার্যক্রম শুরু করবে।

ভোট শুরু হওয়া অন্যান্য রাজ্যগুলোর মধ্যে গুজরাটের ২৬টি আসনে, তেলেঙ্গানার ১৭টি, উত্তর প্রদেশের ১৪টি, পাঞ্জাবের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারের ৭টি, জম্মু ও কাশ্মিরের ১টি এবং দাদরা ও নগর হ্যাভেলির ১টি এবং দমন ও দিউয়ের ১টি আসনে ভোট হচ্ছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ, বর্ধমান পূর্ব, বর্ধমান দূর্গাপুর, ভোলাপুর ও বিরভূম আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।

এসব আসনগুলোর প্রার্থীদের মধ্যে বিরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দি রায় ও তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরে বিজেপি’র প্রার্থী প্রখ্যাত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী।