আবার তাজা গুলির মহড়া চালাল উ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিতর্কিত পানিসীমার কাছে তাজা গুলির সামরিক মহড়া শুরু করেছে উত্তর কোরিয়া।
এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ রকম মহড়া চালাচ্ছে দেশটি।
এর আগের বার পিয়ংইয়ংয়ের সামরিক মহড়াকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে প্রচণ্ড গোলা বিনিময় হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ২টায় এ মহড়া শুরু হয়েছে এবং দুটি স্থানে প্রায় ৫০ টি গোলা নিক্ষেপ করা হয়েছে। তবে এ পর্যন্ত কোনো গোলা দক্ষিণ কোরিয়ার পানিসীমানায় গিয়ে পড়েনি।
গত মার্চে উত্তর কোরিয়া একই ধরনের মহড়া চালায়। সে সময় কয়েক রাউন্ড তাজা গোলা দক্ষিণ কোরিয়ার পানিসীমায় পড়ার পর দেশ দু’টি শত শত রাউন্ড গোলা বিনিময় করে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
উত্তর কোরিয়া নতুন পরমাণু পরীক্ষা চালাতে পারে বলে স্যাটেলাইটে তোলা ছবি থেকে আভাস মেলার পর তাজা গুলির এ মহড়া শুরু হল।
