পার্ককে ‘পতিতা’ বলল উত্তর কেরিয়া, দক্ষিণের প্রতিবাদ
প্রেসিডেন্ট পার্ক জিউন হাই’কে ‘অকথ্য’ ভাষায় আক্রমণে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া পার্ক’কে ‘পতিতা’ বলে মন্তব্য করার পর এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিউল।
রোববার উত্তর কোরিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যৌনদাসীদের প্রসঙ্গ টেনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে ‘সেবাদাসী’ বলে মন্তব্য করে।
পার্ক ‘বেশ্যার দালাল’ প্রেসিডেন্ট বারাক ওবামার অভিলাষ চরিতার্থকারী নারী বলেও অভিযোগ করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ কমিটি এক বিবৃতিতে পার্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, তিনি তার ‘প্রভাবশালী দালাল’ ওবামার মনোরঞ্জন করছেন।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত হয় কদর্য এ বিবৃতি।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম দক্ষিণ কোরিয়ার নেতাদের নিয়ে এর আগেও ব্যক্তিগত আক্রমণ এবং অভিযোগ সম্বলিত বিবৃতি প্রকাশ করলেও দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে পার্ককে নিয়ে এমন মন্তব্য অত্যন্ত নোংরা এবং জঘন্য বলেই সমালোচিত হচ্ছে।
এর তীব্র প্রতিবাদ জানিয়ে সিউল সোমবার পিয়ংইয়ংকে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান জানাতে বলেছে, যে চুক্তিতে পরস্পরের বিরুদ্ধে গালিগালাজ করা থেকে বিরত থাকতে রাজি হয়েছিল দু’দেশ।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইউই-দো বলেছেন, উত্তর কোরিয়া শুধু ওই চুক্তি লঙ্ঘনই করেনি বরং ‘অকথ্য ভাষা’ ব্যবহার করে অনৈতিক কাজ করেছে।
এশিয়ার চারটি দেশ সফরকালে বারাক ওবামা দক্ষিণ কোরিয়া সফরের পর ওই বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া সফরকালে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কের সঙ্গে একযোগে উত্তর কোরিয়াকে চতুর্থ পরমাণু অস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এ ব্যাপারে পিয়ংইয়ংকে হুঁশিয়ারিও দেন।
