দুই পোপকে সন্ত ঘোষণা
দুই পূর্বসূরি পোপ জন ত্রয়োবিংশ এবং পোপ জন পল দ্বিতীয়-কে সন্ত (সেইন্ট)ঘোষণা করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে পাঁচ লক্ষাধিক মানুষের সমাবেশে পোপতন্ত্রের অভূতপূর্ব এই ঘোষণা দেয়া হয়। এ সময় দুই পোপেরই দেহাবশেষ রাখা হয় বেদীর কাছে।
ক্যাথলিক খ্রিস্টান যাজকতন্ত্রের ইতিহাসে একই সঙ্গে দু’জন পোপকে সন্ত ঘোষণা এবারই প্রথম। গত বছর পোপের পদ থেকে অব্যাহতি নেয়া পোপ বেনেডিক্ট লোকচক্ষুর আড়ালে থাকার নিয়ম অনুসরণ করলেও রোববারের অনু্ষ্ঠানে উপস্থিত হন তিনি।
ফ্রান্সিস তার ঘোষণায় বলেন, “আমি জন ত্রয়োবিংশ এবং জন পল দ্বিতীয়-কে সেইন্ট (সন্তু) ঘোষণা করছি। পৃথিবীর সব চর্চে তারা সন্ত হিসেবে মর্যাদা পাবেন।”
ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আট লাখ তীর্থযাত্রী সমবেত হয়েছে বলে ভেটিক্যান থেকে দাবি করা হয়।
যাজকীয় রাজনীতি
খ্রিস্টান যাজকতন্ত্রে দীর্ঘদিন পর পর নতুন করে কোনো পোপকে সন্তু বা সেইন্ট ঘোষণা করা হয়।
২০০৫ সালে জন পল দ্বিতীয় এর ২৬ বছরের শাসন শেষ হওয়ার নয় বছরের মাথায় তিনি সন্তু হিসেবে ঘোষিত হলেন।
অপর দিকে সাম্প্রতিক সময়ে জন ত্রয়োবিংশকে (১৯৫৮-৬৩) সন্ত হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেন পোপ ফ্রান্সিস।
বিবিসি’র প্রতিবেদক ডেভিড উইলির ভাষ্যমতে, চার্চের ক্ষমতা নেয়ার পর বিভিন্ন বিষয়ে সংস্কার চালানো পোপ অনুসারীদের মধ্যে ভারসাম্য রক্ষার স্বার্থেই ঐতিহাসিক সিদ্ধান্তটি নিয়েছেন।
যেকোনো ধরনের সমালোচনা এড়ানো তার সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
