পাকিস্তানে বন্দুকধারীদের হাতে ১শ’ গ্রামবাসী অপহৃত
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে গ্রামবাসীদের একটি জটলার ওপর বন্দুকধারীরা চড়াও হয়ে ১শ’ জনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানি সরকারি কর্মকর্তারা।
শনিবারের এ ঘটনায় জড়িত বন্দুকধারীদের তালেবান সদস্য বলে মনে করছেন তারা।
সরকারের পক্ষাবলম্বন করায় ওই গ্রামবাসীদের অপহরণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
নাম গোপন রাখার শর্তে স্থানীয় সরকারের তিনজন কর্মকর্তা জানিয়েছেন, আফগান সীমান্ত অঞ্চলের ওরাকজাই ও খাইবারের ক্ষুদ্র নৃগোষ্ঠি অধ্যুষিত এলাকা থেকে এদের অপহরণ করা হয়।
প্রাথমিকভাবে ১শ’ জনকে অপহরণ করা হলেও পরে প্রায় ৪০ জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
অপহৃত বাকী লোকদের মুক্তির বিষয়ে আলোচনা চলতে থাকায় ওই কর্মকর্তারা নাম গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।
তাদের মধ্যে একজন বলেছেন, “ওরাকজাই ও খাইবারের ক্ষুদ্র নৃগোষ্ঠি অধ্যুষিত অঞ্চলের মাঝামাঝি এলাকায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমরা শুনেছি তালেবানের সঙ্গে আলোচনা করে অপহৃতদের বিনা শর্তে মুক্ত করে আনার জন্য স্থানীয় মুরুব্বিরা গিয়েছেন।”
অপর কর্মকর্তা জানিয়েছেন, অপহৃত গ্রামবাসীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো একটি তল্লাশি অভিযান শুরু করেছে।
অপর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “তারা ১শ’ জনেরও বেশি গ্রামবাসীকে অপহরণ করলেও পরে কয়েকজনকে ছেড়ে দিয়েছে। স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় বাকীরাও মুক্তি পাবে বলে আশা করছি আমি।”
তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা চলছে। এ কারণে ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যু্দ্ধবিরতি পালন করছে গোষ্ঠিটি। তবে যুদ্ধবিরতি নবায়ন করা হবে কিনা এ প্রশ্নে গোষ্ঠিটি বিভক্ত হয়ে পড়েছে। বিভক্ত এই গোষ্ঠিদুটি এখন পরস্পরের বিরুদ্ধে লড়াই শুরু করে করেছে।
পাকিস্তানে কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠি দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছিল। লক্ষ্য প্রতিষ্ঠায় তারা পাকিস্তানি তালেবান নাম ধারণ করে একটি দুর্বল মৈত্রি জোটে আবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে তালেবানের শক্ত অবস্থান আছে। তবে এই বিদ্রোহীদের প্রতিহত করার জন্য স্থানীয় অনেক গ্রামবাসী লস্কর নামে নিজস্ব বাহিনী গঠণ করে এদের প্রতিরোধ করার চেষ্টা করছে।
