পানির নিচে চলছে বিমানের খোঁজ
ভারত মহাসাগরে পানির নিচে চলছে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমান অনুসন্ধান কাজ।
খোঁজা হচ্ছে বিমানের ‘ব্ল্যাক বক্স’। একাজে প্রথম বারের মত ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর উন্নত প্রযুক্তির অবস্থান নির্ণয়ক যন্ত্র।
দুটো জাহাজ পানির নিচে ২৪০ কিলোমিটার জুড়ে তল্লাশি চালাচ্ছে। বিমানটির ডাটা রেকর্ডার উদ্ধার করা সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।
শুক্রবারের এ অভিযানে অংশ নেয়ার কথা রয়েছে মোট ১৪ টি বিমান এবং ৯ টি জাহাজের। অস্ট্রেলিয়ার পশ্চিমে পার্থ শহর থেকে অনুসন্ধানকাজের সমন্বয় করা হচ্ছে। অভিযানে উন্নতমানের পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাজ্যও। শনিবার একাজে যোগ দেবে মালয়েশিয়ার ফ্রিগেট।
৮ মার্চ নিখোঁজ হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক অনুসন্ধান তৎপরতার মধ্য দিয়ে প্রায় চার সপ্তাহ পেরিয়ে গেলেও নিখোঁজ বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি।
সাতটি দেশের কয়েক ডজন তদন্ত দল সাগর ও আকাশ পথে বিমানটির খোঁজে তল্লাশি অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার এই অভিযান দলে নিউক্লিয়ার শক্তি চালিত একটি ডুবোজাহাজ যোগ দেয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেন, “বিশ্ব চায়, আমরা আমাদের সামর্থ্যের সবটা দিয়েই যেন চেষ্টা করি। সব জাতি মিলে আমরা কী করতে পারি সেটা আমরা দেখাবো, এ বিশ্বাস আমার আছে। আমরা উত্তর চাই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে চাই। যে পর্যন্ত উত্তর পাওয়া না যাবে আমরা থামবো না।”
