নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ২০
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি জনাকীর্ণ বাজারে ইসলামপন্থি জঙ্গিদের বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বর্ণো রাজ্যের বামায় শনিবারের এ হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি দল বোকো হারাম জড়িত বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।বোকো হারাম এ বছর শত শত থেকে হাজার হাজার মানুষ হত্যা করেছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।সর্বশেষ এ হামলা সম্পর্কে বাজারের এক ব্যবসায়ী বলেন, “ আমি বামায় কিছু শিম কিনতে গিয়েছিলাম। হঠাৎ বাজারের মাঝখানে বুম করে কানে তালা লাগার মত একটা শব্দ শুনি। সময়টা ছিল বিকাল। বাজারে তখন বেচা কেনা তুঙ্গে”। তিনি হামলায় নিহতের সংখ্যা ২৯ বলে ধারণা প্রকাশ করেন।তবে ওই বাজারের এক বাস চালক বলেন, তিনি ২০ টি লাশ গুনেছেন। আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি। হামলার দায় কেউ স্বীকার করেনি।
