২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদসমর্থক-বিরোধী লড়াইয়ে লেবাননে নিহত ১১

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও বিরোধীদের লড়াই এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 01:41 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার এসব সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা ও চিকিৎসক সূত্র।তিন বছর আগে প্রতিবেশি সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ত্রিপোলিতেও এর প্রভাব পড়ে। আসাদপন্থী স্থানীয় শিয়াদের সঙ্গে বিরোধী সুন্নিদের বেশ কয়েকটি বন্দুক লড়াইয়ের ঘটনা ঘটে। সেই সব সংঘর্ষের ঘটনার ধারাবাহিকতায় এবারের অন্যতম প্রাণঘাতী লড়াইয়ের ঘটনাটি ঘটল।লড়াইয়ে বন্দুকধারী ও বেসামরিক লোকসহ সাতজন গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে এক বয়োবৃদ্ধ ব্যক্তিও রয়েছেন। কয়েকজন বন্দুকধারী নিহত হয়েছেন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে।এছাড়া লড়াইয়ে আহত আরো চারজন পরে মারা যান। এদের মধ্যে দুজন বন্দুকধারী যারা লড়াই চলাকালে আহত হয়েছিলেন।গত সপ্তাহে এই দুটি পক্ষের লড়াইয়ে ২৭ জন নিহত হয়েছিল।সিরিয়া সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরের এই শহরটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ। তারা সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে। অপরদিকে শহরটির সংখ্যালঘু শিয়ারা আসাদের পক্ষে।সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে লেবাননের জনগণ গভীরভাবে বিভক্ত হয়ে গেছে। দেশটির শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ও এর মিত্ররা আসাদের সমর্থক, অপরদিকে সুন্নিদের অনেকেই বিদ্রোহীদের পক্ষে।