আসাদ সমর্থক-বিরোধী লড়াইয়ে লেবাননে নিহত ৫
লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে লড়াইয়ে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা ও চিকিৎসক সূত্র।
সিরিয়ার সীমান্ত থেকে ত্রিপোলির দূরত্ব ৩০ মাইল। এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিমরা প্রায়ই আসাদের আলাওয়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে জড়ায়।সুন্নি বাব আল-তাব্বানেহ এবং জেবেল মোহসেন এলাকার আলাওয়িতে সম্প্রদায়ের মধ্যে বৃহস্পতিবার ভোররাতের লড়াইয়ে দুই বন্দুকধারী আহত হয়ে পরে মারা যায়।শুক্রবার স্নাইপারের গুলিতে মারা যায় এক বৃদ্ধসহ তিন বেসামরিক নাগরিক। আহত হয় আরো ১১ জন।সিরিয়া যুদ্ধ নিয়ে লেবাননের জনগণ গভীরভাবে দ্বিধাবিভক্ত। শিয়া জঙ্গি এবং রাজনৈতিক আন্দোলনের দল হিজবুল্লাহ ও এর মিত্ররা আসাদকে সমর্থন করে। অন্যদিকে, দেশটির সুন্নিদের অনেকেই বিদ্রোহীদেরকে সমর্থন করে।ত্রিপোলির সুন্নি এবং আলাওয়িতে সম্প্রদায় কয়েক দশক ধরে মাঝে মাঝেই লড়াইয়ে লিপ্ত হয়েছে। কিন্তু সিরিয়ার সংঘাত থেকে তাদের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।শহরটিকে সিরিয়ার ভেতরে-বাইরে যোদ্ধা ও অস্ত্র পাঠানোর ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্য উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করে আসছে।
