বিমানের খোঁজে গভীর সাগরে অনুসন্ধান শুরু
নিখোঁজ মালয়েশীয় বিমানের খোঁজে দক্ষিণ ভারত মহাসাগরের দূরবর্তী এলাকায় একটি আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।
শুক্রবার শুরু হওয়া এ অভিযানে উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া সম্ভাব্য ধ্বংসাবশেষের এলাকা শনাক্ত করার লক্ষ্য নেয়া হয়েছে।অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন মিশনটি থেকে জানানো হয়েছে, দেশটির পার্থ শহর থেকে ২ হাজার ৫শ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভারত মহাসাগরের ওই অঞ্চলটির উদ্দেশে পাঁচটি আকাশযান পাঠানো হয়েছে।উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে মহাসাগরের ওই এলাকায় দুটি বড় ভাসমান বস্তুর ছবি শনাক্ত করার পর বৃহস্পতিবার অনুসন্ধান অভিযানটি শুরু করা হয়।ওই বস্তু দুটি ১৩ দিন আগে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশীয় বোয়িং ৭৭৭ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে বলে মনে করা হচ্ছে।তদন্তকারীরা জানিয়েছেন, উপগ্রহ চিত্রগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য হওয়া সত্বেও এর বাইরে সেখানে আর কিছু নেই।পাপুয়া নিউ গিনি সফরে থাকা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, “পৃথিবীপৃষ্ঠে কল্পনাযোগ্য সবচেয়ে দূর্গম জায়গা এটি, কিন্তু ওখানে যদি কিছু থেকে থাকে, আমরা তা খুঁজে বের করবো।”“বিমানটিতে যারা ছিল সেই সব মানুষদের পরিবারগুলোর জন্য আমরা এটি করতে বাধ্য।”তদন্তকারীদের ধারণা, ৮ মার্চ রাতে নিখোঁজ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে যাত্রা করার পর সচেতনভাবে বিমানটিকে তার গন্তব্য পথ থেকে হাজার হাজার কিমি দূরে কোথাও নিয়ে যাওয়া হয়েছে।তারা ছিনতাই, নাশকতা ও বিমান চালকের সম্ভাব্য আত্মাহুতির বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও বিমানের কারিগরি সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেননি বলে জানিয়েছেন।বিমানটির খোঁজে ভারত মহাসাগরের এই এলাকা ছাড়াও স্থলভাগে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ লাওস থেকে শুরু করে উত্তরপশ্চিমে কাজাখস্তান পর্যন্ত এলাকায়ও আরেকটি অনুসন্ধান অভিযান চলছে।ভারত মহাসাগরের ওই অভিযানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে কয়েকদিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন তদন্তের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র।
