সিরিয়ার প্রায় অর্ধেক রাসায়নিক অস্ত্র সরানো হয়েছে
সিরিয়ার ঘোষিত রাসায়নিক অস্ত্রের প্রায় অর্ধেকই ধ্বংসের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
গত সপ্তাহে ভূমধ্যসাগরে জাহাজে তোলা হয় আরো দুটি কার্গো। আন্তর্জাতিক একটি টিম এ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারক করছে।জাতিসংঘের যৌথ নিরস্ত্রীকরণ মিশন এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন (ওপিসিডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে অন্য দেশে ধ্বংসের জন্য নিয়ে যাওয়া হয়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ রাসায়নিক অস্ত্র।গত বছর রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের একটি চুক্তির আওতায় সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্র পরিহার করতে রাজি হয়। সময়সীমা অনুযায়ী একাজ শেষ করতে বাকী আছে মাত্র কয়েকমাস। ৩০ জুন সময়সীমার মধ্যে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা নাও হতে পারে বলে মনে করা হচ্ছে।সিরিয়া সব রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেয়ার অনুরোধ জানিয়েছে। এতে করে নিরস্ত্রীকরণ মিশন সময়ানুযাযী শেষ করার জন্য আরো কম সময় হাতে থাকছে।যৌথ জাতিসংঘ-ওপিসিডব্লিউ মিশন বলেছে, লাটাকিয়ার জাহাজে সর্বশেষ দুটো কার্গোতে করে ২৯ দশমিক ৫ শতাংশ ‘প্রায়োরিটি ১ রাসায়নিক’ বা সবচেয়ে বিপজ্জ্নক রাসায়নিক অস্ত্র সরানো হয়েছে এবং ‘প্রায়োরিটি ২ রাসায়নিক’ অস্ত্র সরানো হয়েছে ৮২ দশমিক ৬ শতাংশ।
