‘বিমানটি মালদ্বীপে দেখা যাওয়ার খবর সঠিক নয়’
মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি মালদ্বীপ অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার যে খবর স্থানীয়রা দিয়েছিল; তা সঠিক নয় বলে দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে।
মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মালদ্বীপ উপকূলে খুব নিচ দিয়ে একটি বিমানকে উড়ে যেতে দেখেছেন বলে কুদা হুবাদোর অধিবাসীরা দাবি করেছেন।মঙ্গলবার এধরনের খবর প্রকাশ হওয়ার পর বুধবারই তা নকচ করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হুসেইন।কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে, মালয়েশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রধান মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এ ধরনের খবর সঠিক নয় বলে মালদ্বীপ কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে।”গত ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই নিখোঁজ হয়। কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ভিয়েতনামের কাছে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হলেও মালাক্কা প্রণালী, আন্দামান দ্বীপ, ভারত মহাসাগর আবার কখনো মালয়েশিয়ার পশ্চিম উপকূলে বিমানটি উড়ে গিয়েছিল বলে এতদিন বিভিন্ন খবর প্রকাশ হয়। তবে এসব তথ্য নিয়ে বিভিন্ন মহল থেকে সংশয় জানানো হয়েছে।মঙ্গলবার মালদ্বীপের সংবাদপত্র হাবেরুর বরাত দিয়ে এনডিটিভি জানায়, মালদ্বীপের কুদা হুবাদোরা ৮ মার্চ সকাল ৬টা ১০ মিনিটের দিকে খুব নিচু দিয়ে একটি বিমান উড়ে যেতে দেখেন।তাদের দাবি সাদা রঙের বিমানটির ওপর লাল রঙের ফিতার মতো টানা ছিল। মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটিও দেখতে তেমনই। বিমানটি উড়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হচ্ছিল বলেও তারা জানিয়েছেন।৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়ার পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ এর আর কোনো খবর পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্র ও চীনসহ এক ডজন দেশ গত ১১ দিন ধরে বিমানটির খোঁজে তল্লাশি চালালেও এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি।
