ক্রিমিয়ার সিদ্ধান্তের জবাবে ইইউ ও যুক্তরাষ্ট্রের কড়াকড়ি
ক্রিমিয়ায় গণভোটের পর রাশিয়া এবং ইউক্রেইনের ২১ জন কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।
রোববারের গণভোটে ইউক্রেইন থেকে নিজেদের ‘স্বাধীন’ ঘোষণা করে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে রায় দিয়েছে ক্রিমিয়ার জনগণ। ৯৭ শতাংশ ভোটই ইউক্রেইন থেকে ক্রিমিয়ার বিচ্ছিন্নতার পক্ষে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইউক্রেইন সরকার বলেছে, তারা গণভোটের ফল মেনে নেবে না। যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপীয় ইউনিয়নও এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে বলেন, “রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেইনের সঙ্গে আলোচনায় বসেনি। এটি সদুঃখজনক”।
ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ার শীর্ষ সাতজন সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতাসহ ক্রিমিয়ার চার মস্কোপন্থি নেতার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটা করা হয়েছে ইউক্রেইনের রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুন্ন করার কারণে।
ক্রিমিয়ার ভারপ্রাপ্ত নেতা সের্গেই আকসিওনভ, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন, রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্তিনা ম্যাতভিয়েনকো এবং ইউক্রেইনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচও রয়েছেন কড়াকড়ির তালিকায়।
তবে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ কর্মকর্তাদের নাম এখনো জানানো হয়নি।
সোমবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ক্রিমিয়া দখল অভিযান এবং ক্রিমিয়ায় গণভোটে জড়িতদের ওপর কড়াকড়ি আরোপে সম্মত হন।
লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিঙ্কেভিচ এক টুইটার বার্তায় লিখেছেন, “মন্ত্রীরা মাত্র নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছেনে। ইউক্রেইন এবং রাশিয়ার ২১ কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত হয়েছে”।
আগামী দিনের ব্রাসেলস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিনের কাছের ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানান লিঙ্কেভিচ।
এতোদিন উক্রেইনের স্বায়ত্ত্বশাসনে থাকা ক্রিমিয়ার পার্লামেন্ট সোমবার নিজেদের ‘স্বাধীন’ ঘোষণা করে রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদন জানানোর কয়েক ঘণ্টা পর ইইউ ও যুক্তরাষ্ট্রের কড়াকড়ির সিদ্ধান্ত আসে।
জনগণ গণভোটে রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে মত দেয়ার পর ওই আবেদন জানায় ক্রিমিয়া। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ক্রিমিয়াকে একটি সার্বভৌম রাষ্ট্র ‘ক্রিমিয়া প্রজাতন্ত্র’ ঘোষণা করা হয়।
ক্রিমিয়ার পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে বলা হয়, “ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনের অংশ হিসাবে গ্রহণ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
পার্লামেন্ট বলছে, তাদের সিদ্ধান্তের ফলে তাদের এলাকায় আর ইউক্রেইনের আইন প্রযোজ্য হবে না। ওই এলাকার সব জাতীয় সম্পদের মালিক এখন স্বাধীন ক্রিমিয়া।
পার্লামেন্টের ঘোষণাপত্রে বলা হয়, “ক্রিমিয়া প্রজাতন্ত্র সমতা, শান্তি, সুপ্রতিবেশী হিসাবে সহাবস্থানের ভিত্তিতে এবং সার্বজনীনভাবে স্বীকৃত রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার নীতির ভিত্তিতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে চায়”।
