রাশিয়ায় নিষেধাজ্ঞা আরোপের পথে ইইউ
স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনায় সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ নিষেধাজ্ঞার যে রূপরেখা দিয়েছে তাতে ইউক্রেইনের আঞ্চলিক অখন্ডতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের পদক্ষেপ রয়েছে।সঙ্কট সমাধানে কূটনৈতিক কোনো অগ্রগতি না হলে সোমবারই এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।ইউক্রেইন সঙ্কটের বিরুদ্ধে এটি অনেকের ধারণার চেয়েও বেশি কড়া জবাব। সেইসঙ্গে ক্রিমিয়া দখলের জন্য মস্কোকে মূল্য দেয়ানোর ওয়াশিংটনের চেষ্টার সঙ্গে ইইউ’র এ এক ধরনের একাত্মতা প্রকাশ।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মস্কো ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।জার্মানিও রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া অবস্থান না বদলালে মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন মের্কেল।এর আগে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনও রাশিয়াকে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুকও বলেছেন, ইউক্রেইন কখনো রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না।
