২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া নিয়ে রাশিয়াকে জি-সেভেন এর হুঁশিয়ারি

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন এর নেতারা ইউক্রেইনের ক্রিমিয়া অঞ্চলকে সংযুক্ত করে নেয়ার বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 08:32 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

রাশিয়া এ ধরনের পদক্ষেপ নিলে দেশটির বিরুদ্ধে ‘স্বতন্ত্রভাবে এবং সমষ্টিগতভাবে’ আরো ব্যবস্থা নেয়া হবে বলে শাসিয়েছেন তারা।ক্রিমিয়ায় এ সপ্তাহান্তের গণভোটের ফলকে জি-সেভেন স্বীকৃতি দেবে না বলেও জানিয়েছেন নেতারা। ক্রিমিয়া ইউক্রেইন থেকে বেরিয়ে গিয়ে রাশিয়ায় যোগ দেবে কিনা গণভোটটি হবে সেই প্রশ্নে।জোটের ৭ টি দেশ ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও রাশিয়াকে ক্রিমিয়ার অবস্থান বদলে দেয়ার সব চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়েছে।হোয়াইট হাউজের প্রকাশিত একটি বিবৃতিতে তারা বলেছে, ক্রিমিয়াকে সংযুক্ত করে নেয়ার রাশিয়ার পদক্ষেপ কেবল ইউক্রেইনের একতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার ওপরই প্রভাব ফেলবে না বরং তা সব রাজ্যের একতা, সার্বভৌমত্ব সুরক্ষা আইনের ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।রাশিয়া ফেডারেশনে যোগ দেয়া নিয়ে ক্রিমিয়ায় আগামী রোববারের গণভোট ইউক্রেইনের সংবিধানের ‘সরাসরি লঙ্ঘন’ মন্তব্য করে জি-সেভেন বলেছে, এর কোনো বৈধতা নেই।তাছাড়া, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এবং রুশ সেনাদের ভীতিকর উপস্থিতির মধ্যে গণভোট অনুষ্ঠান করলে প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত হবে না। ফলে এটি ন্যায়সঙ্গতও হবে না বলে জানিয়েছে জি-সেভেন।আর সে কারণে রাশিয়াকে ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করে কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন নেতারা।

ওদিকে, ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা প্রধান আন্দ্রি পারুবি সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেইনের সীমান্তে রাশিয়া ব্যাপকভাবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে।ইউক্রেইনের পূর্ব ও দক্ষিণ সীমান্তের কাছে রাশিয়া সামরিক মহড়া চালিয়েও সেনা প্রত্যাহার করেনি বলে জানান তিনি।পারুবি বলেন, “কিয়েভ থেকে রুশ সেনারা মাত্র দুই-তিন ঘণ্টা দূরের পথে রয়েছে। আর যে কোনো দিক থেকে হামলা প্রতিহত করার জন্য ইউক্রেইনের সামরিক ইউনিটগুলোও অবস্থান নিয়ে রেখেছে।”