আস্থা ভোটে হার লিবীয় প্রধানমন্ত্রীর
লিবিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি বন্দর থেকে উত্তর কোরিয়ার তেলভর্তি একটি ট্যাংকার নৌ-অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় অগ্রসর হওয়ার খবর আসার পর আস্থা ভোটে প্রধানমন্ত্রী আলি জাঈদানকে সরিয়ে দিয়েছে লিবিয়ার পার্লামেন্ট।
উত্তর কোরীয় জাহাজ সাগরে চলে গেছে জানার পর এমপি’রা জাঈদানের বিরুদ্ধে আস্থা ভোট ডাকে। প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ আল তিন্নিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে।লিবিয়ার কর্মকর্তারা এর আগে ট্যাঙ্কারটি সিদরা বন্দর ছাড়ার চেষ্টা করার সময় সেটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কথা জানিয়েছিলেন।বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা অগাস্ট থেকে পূর্বাঞ্চলের প্রধান তিনটি বন্দর দখলে রেখেছে। তারা পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসনসহ দেশের তেল রাজস্বের একটা বড় অংশ পাচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে তৎপর রয়েছে।
উত্তর কোরিয়ার তেলবাহী জাহাজটি কেন্দ্রীয় সরকারের হুমকি উপেক্ষা করেই লিবিয়ার বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে কেনা জ্বালানি তেল জাহাজে ভরে। এরপরই জাহাজটি ঘিরে ফেলে লিবিয়ার সশস্ত্র বাহিনী। তেল ট্যাংকারটি যাতে লিবিয়ার বন্দর ছেড়ে চলে যেতে না পারে সে জন্য সেখানে নৌবাহিনী পাঠানো হয়।
