আফগান ভাইস প্রেসিডেন্ট ফাহিম মারা গেছেন
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট মার্শাল মোহাম্মাদ কাশিম ফাহিম মারা গেছেন।
রোববার সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের দুইজন ভাইস প্রেসিডেন্টের অন্যতম মোহাম্মাদ কাশিম ফাহিম ৫৭ বছর বয়সে অসুস্থতাজনিত কারণে মারা যান।তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।মার্শাল ফাহিম তাজিক নৃগোষ্ঠীর নেতা। ২০০৯ সালে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তালেবান বিরোধী যোদ্ধাদের জোট নর্দান অ্যালায়েন্সেরও নেতৃত্ব দিয়েছেন তিনি।তালেবান বিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের মিত্র ছিলেন ফাহিম। ২০০১ সালে তিউনিশিয়ান জঙ্গিদের হামলায় মাসুদ নিহত হওয়ার পর তিনি নর্দান অ্যালায়েন্সের নেতৃত্ব গ্রহণ করেন।
