২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় নৌবাহিনীর জাহাজে নৌকমান্ডার নিহত

ভারতীয় নৌবাহিনীর নির্মাণাধীন একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজে এক দুর্ঘটনায় দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 01:25 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শুক্রবার বিকেলে মুম্বাইয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডকইয়ার্ডে ডেস্ট্রয়ার জাহাজটির কারিগরি দিকগুলো পরীক্ষা করে দেখার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার জানিয়েছে এনডিটিভি।যান্ত্রিক গোলযোগে লিক করা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃশ্বাসের সঙ্গে দেহে প্রবেশ করলে বিষক্রিয়ায় কমান্ডার কুন্তল ওয়াধ্যায়া (৪২) মারা যান।ভারতীয় নৌবাহিনীর ‘১৫ এ’ প্রকল্পের আওতায় কলকাতা শ্রেণির নির্মাণাধীন তিনটি ডেস্ট্রয়ারের মধ্যে দুর্ঘটনাকবলিত জাহাজটি অন্যতম।এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, “ভারতীয় নৌবাহিনী একটি বোর্ড গঠন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।”গ্যাস লিকজনিত কারণে ডকইয়ার্ডে কর্মরত প্রতিরক্ষামন্ত্রণালয়ের আরো দুজন কর্মী আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এ দুই কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।আলোচিত ডেস্ট্রয়ারটি ভারতে নির্মিত সবাধুনিক যুদ্ধজাহাজগুলোর মধ্যে অন্যতম।মাত্র গত সপ্তাহেই ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস সিন্ধুরত্নে এক অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নৌকর্মকর্তা নিহত হয়েছিলেন। এর আগে ২০১৩ সালের অগাস্টে ভারতীয় নৌবাহিনীর অপর একটি সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষক এক বিস্ফোরণের পর ডুবে গেলে এর ১৮ জন নাবিক ও কর্মকর্তার সবাই নিহত হন।এসব ঘটনায় ‘নৈতিক দায়িত্ব’ স্বীকার করে ভারতীয় নৌবাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডমিরাল ডিকে যোশি।