রুশ সেনারা ‘থাকবে ইউক্রেনেই’
পশ্চিমাদের সেনা প্রত্যাহারের আহ্বান উপেক্ষা করে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে, সেনারা ইউক্রেইনেই থাকবে।
দেশটির রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানকার রুশ নাগরিকসহ অন্যান্য স্বার্থ সুরক্ষায় কাজ করবে তারা।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া উগ্র-জাতিয়তাবাদী হুমকির বিরুদ্ধে মানবাধিকারের সুরক্ষায় কাজ করছে।ক্রিমিয়ায় সামরিক শক্তি বাড়িয়েই চলেছে রাশিয়া। নতুন করে হাজার হাজার সেনা পাঠিয়ে অঞ্চলটিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে মস্কো।ক্রিমিয়া নিয়ে মূলত উত্তেজনা ছড়ালেও পূর্ব ইউক্রেইনেও রাশিয়াপন্থি বিক্ষোভ শুরু হয়েছে।পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক নতুন কিয়েভ-পন্থি গভর্নর নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাশিয়ার পতাকা হাতে আঞ্চলিক সরকারি ভবনের সামনে বিক্ষোভ করছে প্রায় ২শ’ মানুষ।এ পরিস্থিতির মধ্যে সোমবার জেনেভায় এক বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, “কিয়েভের নতুন কর্তৃপক্ষ তাদের এ জয়ের ফায়দা লুটতে মানবাধিকার এবং সংখ্যালঘুদের মৌলিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে”। তিনি পশ্চিমাদের হুমকি-ধামকি, নিষেধাজ্ঞা এবং বয়কটেরও নিন্দা জানান।অন্যদিকে, রাশিয়ার সামরিক তৎপরতার মধ্যেও কিয়েভে ইউক্রেইনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েসনিয়খ বলেছেন, ক্রিমিয়া দখলের কোনো চেষ্টাই সফল হবে না।
