২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুব্রত সাহারাকে গ্রেপ্তারের নির্দেশ

সাহারা ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়কে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 09:49 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

‘এনডিটিভি’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, একটি মামলার শুনানির জন্য আদালতে হাজির হতে না পারায় শীর্ষস্থানীয় এই ধনকুবেরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সুপ্রিম কোর্ট।বিনিয়োগকারীদেরকে সুব্রতর দুটি কোম্পানি থেকে পাওনা বিশ হাজার কোটি রূপি ফেরৎ না দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।আদালতের আদেশে বলা হয়, “সুব্রত রায় সাহারাকে জামিন অযোগ্য গ্রেপ্তারের নির্দেশ দেয়া হচ্ছে। আগামী ৪ মার্চ দুপুর ২ টায় আদালত বসার আগেই তাকে হাজির হতে হবে।”৯২ বছর বয়সী মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে অব্যহতি চেয়েছিলেন সুব্রত। আদালত সেই আবেদনও খারিজ করেছে।বুধবার সুব্রতের আদালতে হাজির না হওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন তার আইনজীবী। বিচারক জবাবে বলেন, “আদালতের হাত অনেক লম্বা। গতকাল আপনার মক্কেলের স্বশরীরে হাজির না হওয়ার আবেদন নাকচ করা হয়েছিল। আজ আমরা জামিন অযোগ্য গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছি। এটি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত”।সুব্রত রায় সাহারা ১৯৭৮ সালে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা।আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র, টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে।সুব্রত রায়ের আদি নিবাস বাংলাদেশের বিক্রমপুরে। তার প্রতিষ্ঠিত সাহারা ইন্ডিয়া পরিবারের সহযোগী প্রতিষ্ঠান অ্যাম্বি ভ্যালি (মৌরিসাস) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর।