পূর্ণ চুক্তির জন্য ছয় বিশ্বশক্তি-ইরান ‘শুভ সূচনা’
ভিয়েনায় ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের আলোচনায় পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনে পূর্ণাঙ্গ একটি চুক্তিতে পৌঁছার জন্য ‘শুভ সূচনা’ হয়েছে বলেই মনে করছে দুই পক্ষ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন সাংবাদিকদের বলেছেন, “গত তিনদিনে বিস্তারিত এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছার জন্য প্রয়োজনীয় সব ইস্যুই আমরা চিহ্নিত করেছি”।যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষ থেকে আস্টোন বলেন, “আরো অনেক কিছুই করার আছে। কাজটা খুব সহজ হবে না। তবে আমরা শুভ সূচনা করেছি”।ছয় বিশ্বশক্তির ঊর্ধ্বতন কূটনীতিকদের পাশাপাশি আস্টোন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জাফারি ১৭ মার্চে আবার ভিয়েনায় বৈঠকে বসবেন এবং জুলাইয়ে সময়সীমা শেষের আগে দফায় দফায় আরো আলোচনা করবেন।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত তিনদিনের আলোচনা শেষে আস্টোনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও এ বৈঠককে সামনের দিনে কঠিন কাজ সমাধা করার ক্ষেত্রে ‘শুভ সূচনা’ বলে মন্তব্য করেন।কাজটি কঠিন হলেও দুপক্ষই দ্রুত একটি চুক্তিতে পৌঁছতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।গত মঙ্গলবার ভিয়েনায় ইরান ও ছয় বিশ্বশক্তি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসে। এতে সভাপতিত্ব করেন জারিফ এবং অ্যাস্টোন। জারিফ জানান, এ বৈঠকে চূড়ান্ত আলোচনা কাঠামো নির্ধারণ করা হয়েছে।
