২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতে জোড়া আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪

লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত শহরতলীতে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ইরানি সাংস্কৃতিক কেন্দ্র লক্ষ্য করে বুধবার সকালের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কয়েকটি নিরাপত্তা সূত্র।

এক হামলাকারী গাড়িতে করে এবং আরেক হামলাকারী মটরসাইকেলে করে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। নভেম্বরেও একই কৌশলে ইরানি দূতাবাসে হামলা হয়েছিল।

বিস্ফোরণে দোকানপাট, বাড়িঘরের মারাত্মক ক্ষতি হয়েছে এবং যানবাহনে আগুন ধরে গেছে।

আল কায়েদা সংশ্লিষ্ট একটি গ্রুপ আবদুল্লাহ আজাম ব্রিগেড টুইটারে হামলার দায় স্বীকার করেছে। ইরানি সংস্খৃতিক কেন্দ্রই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা।

বোমা বিস্ফোরণে কাছেই একটি এতিমখানার জানালা উড়ে যায়। শিশুরা ‘বোমা, বোমা’ বলে চিৎকার করছিল, কেউ কেউ কাঁদছিল। বোমা হামলাস্থলের বিপরীত দিকে একটি মিষ্টির দোকানের এক কর্মী বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয় বলে জানিয়েছেন।

“আমরা একটি বিস্ফোরণের পর আরেকটি বিস্ফোরণের শব্দ শুনলাম”,বলেন ওই কর্মী। কাছাকাছি এলাকায় মানুষের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে এবং হতাহতদের মধ্যে অনেক শিশু আছে বলে জানানো হয়েছে খবরে।

হামলাস্থলটি শিয়া গেরিলাদল হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন। হিজবুল্লাহরা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর পাশাপাশি লড়াই করছে। সিরিয়ার সংঘাতের কারণে লেবাননে সুন্নি ও শিয়াদের মধ্যে উত্তেজনা বেড়েছে।

বুধবারের বোমা হামলাটি হয়েছে লেবাননের সেনা ব্যারাক এবং কুয়েতের দূতাবাসের কাছে। বৈরুত বিমানবন্দরের কাছের এ এলাকাটিতে অনেক লেবানিজ রাজনীতিবিদও বসবাস করে।

টিভি ফুটেজে সেনাদেরকে ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে।অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখা গেছে হতহতদের।