জলবায়ু পরিবর্তন রোধে কাজ করার আহ্বান কেরির
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইন্দোনেশিয়া সফরকালে এক বক্তব্যে বিশ্ব সম্প্রদায়কে জলবায়ু পরিবর্তন রোধে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশই নয় বিশ্ব অর্থনীতিরও ক্ষতি করছে- এমন বিজ্ঞানভিত্তিক প্রমাণ আছে।জলবায়ু পরিবর্তনের চরম খারাপ পরিণতি ঠেকানোর সময় এখনো আছে উল্লেখ করে কেরি বলেন, সময় দ্রুতই ফুরিয়ে আসছে।কেরি এ অঞ্চলে তার সর্বসাম্প্রতিক সফরকালে জাকার্তায় কথাগুলো বলেন। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া দিয়ে সফর শুরু করে কেরি চীন হয়ে শনিবার ইন্দোনেশিয়ায় যান।জাকার্তায় রাখা বক্তব্যে কেরি জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার দেশগুলোতে এর ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরেন।বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গমন করে যুক্তরাষ্ট্র এবং চীন।শনিবার যুক্তরাষ্ট্র এবং চীন একটি যৌথ বিবৃতিতে কার্বন ডাই অক্সাইড নির্গমন আরো বেশি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আছে গাড়ি এবং জ্বালানি থেকে কার্বন নির্গমন কমানোর পদক্ষেপ।আগামী বছর প্যারিসে নতুন আন্তর্জাতিক জলবায়ু চুক্তি করার লক্ষ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।কেরি ২০১৫ সালের এ জলবায়ু বৈঠকে বৈশ্বিক এক চুক্তি সইয়ের পট প্রস্তুত করতে চান। যে চুক্তিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা অনেকাংশে কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
