তুরস্কের পার্লামেন্টে ধস্তাধস্তি, নাক ফেটেছে এমপির
বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপ বাড়াতে প্রস্তাবিত একটি বিলের ওপর আলোচনা চলাকালে তুরস্কের পার্লামেন্টে তুমুল হট্টগোল ও ধস্তাধস্তি হয়েছে।
শনিবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পক্ষে প্রস্তাবিত ওই বিল পাশ হলেও ধস্তাধস্তিতে নাক ফেটে রক্ত ঝরেছে বিরোধী দলীয় এক এমপির।
রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এমপি আলী ইহসান ককতুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই আইন পাশের মাধ্যমে বিচার বিভাগের জ্যেষ্ঠ সদস্যদের নিয়োগের দায়িত্বে থাকা ‘হায়ার কাউন্সিল অব জাজেজ অ্যান্ড প্রসিকিউটরস’- এইচএসওয়াইকে এর নিয়ন্ত্রণ সরকারের হাতে এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোয়ানের দল একে পার্টি প্রস্তাবটি সংসদে তোলে।
সরকারের এ উদ্যোগ অসাংবিধানিক এবং তা বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করবে বলে মত দিয়েছে দেশটির বিচার বিভাগ।
এইচএসওয়াইকে- এর নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের প্রভাবশালী ইসলামি চিন্তাবিদ ফাতুল্লা গুলানের বিরোধ চলছে। কয়েক দশক ধরে দেশটির পুলিশ ও বিচার বিভাগে গুলানের অনুসারীরা প্রভাব রেখে আসছে।
গত ১৭ ডিসেম্বর আকস্মিকভাবে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হলে সরকার কয়েক হাজার পুলিশ কর্মকর্তা, কয়েকশ’ বিচারক ও প্রসিকিউটরকে চাকরিচ্যুত ও বদলি করে।
ক্ষমতাসীন একে পার্টির নেতা ও প্রধানমন্ত্রী এরদোয়ানের ভাষ্য অনুযায়ী, তাকে ক্ষমতাচ্যুত করতেই গুলানের অনুসারীরা দুর্নীতির অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে।
বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) উপপ্রধান ওসযান জিনিজেরে এইচএসওয়াইকে বিলের সমালোচনা করেন।
তিনি বলেন, একে পার্টির সুবিধার জন্য আইনটি সংশোধন করা হচ্ছে।
কয়েকজন আলোচিত ব্যবসায়ী, তিন মন্ত্রীর কয়েক পুত্র এবং কিছু সংখ্যক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্ত ব্যাহত করতে এটা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
কয়েক ঘণ্টার তুমুল বিতর্ক ও ধ্বস্তাধ্বস্তির মধ্য দিয়ে আইনটি পার্লামেন্টে পাশ হয়। বিলের পক্ষে ২১০ জন এবং বিপক্ষে ২৮ জন এমপি ভোট দেন।
