যুক্তরাষ্ট্রে কিউবার কনস্যুলার কার্যক্রম স্থগিত
যুক্তরাষ্ট্রে কনস্যুলার কার্যক্রম স্থগিত করেছে কিউবা। আমেরিকার একটি ব্যাংক তাদের সেবা কার্যক্রম প্রত্যাহার করে নেয়ায় কিউবা সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
কিউবার পক্ষ থেকে বলা হয়েছে, এম অ্যান্ড টি ব্যাংকের বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত তারা পাসপোর্ট নবায়ন ও ভিসা কার্যক্রম চালাতে পারবে না।এম অ্যান্ড টি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়িক কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।বিবিসি বলছে, এর ফলে প্রত্যেক মাসে যুক্তরাষ্ট্র থেকে কিউবায় ভ্রমণে যাওয়া কয়েক হাজার পর্যটকের ভ্রমণ বাধার মুখে পড়বে। আর পর্যটকরা আসতে না পারলে তা কিউবার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।১৯৬১ সাল থেকে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং পরের বছর দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকায় কূটনীতি বা কনস্যুলার সম্পর্কিত সেবা ওয়াশিংটনে অবস্থিত কিউবার ‘স্বার্থ বিভাগ’ দেখভাল করে।এক বিবৃতিতে, ‘ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও’ নতুন একটি ব্যাংক খুঁজে না পাওয়ার জন্য বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছে কিউবা সরকার।এম অ্যান্ড টি ব্যাংক ২০১৩ সালে ঘোষণা দিয়েছিল তারা এ বছর ১৭ ফেব্রুয়ারি থেকে কিউবার কনস্যুলার সেবার অর্থ গ্রহণ বন্ধ করে দেবে।প্রতিমাসে গড়ে ৪০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্র থেকে কিউবা ভ্রমণে যায়। তাদের অধিকাংশই কিউবা বংশোদ্ভূত আমেরিকান।এছাড়া অনেক মার্কিনি যারা কিউবা বংশোদ্ভূত নন তারাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কিউবা ভ্রমণের অনুমতি পান।বিবিসির প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর মধ্যেই কনস্যুলার কার্যক্রম সেবা স্থগিত করা হল।কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবান নেতা রাউল ক্যাস্ট্রো প্রথম বারের মতো হাত মেলান।এছাড়া উভয় দেশ নিজেদের মধ্যে অভিবাসন ও চিঠি আদান-প্রদান সেবা সংক্রান্ত আলোচনা পুনরায় শুরু করার ঘোষণাও দিয়েছে।
