লোকসভা কাণ্ডের সমালোচনায় ভারতীয় গণমাধ্যম
ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় তেলেঙ্গানা রাজ্য নিয়ে বিরাজমান উত্তেজনা মারামারি, মরিচের গুঁড়োর স্প্রে ছিটানো এবং ছুরি প্রদর্শনের কলঙ্কজনক ঘটনায় গড়ানোর তীব্র সমালোচনা করেছে গণমাধ্যমগুলো।
এ ধরনের ‘লজ্জাজনক’ ঘটনা ঘটতে থাকলে পার্লামেন্টের মত একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ‘বিশৃঙ্খল’ হয়ে পড়বে বলে সতর্ক করেছে বিভিন্ন পত্রিকা।গণমাধ্যমগুলোতে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির বহিষ্কৃত এমপি এল রাজাগোপালের।অন্ধ্র প্রদেশকে ভেঙে তেলেঙ্গানা নামে নতুন রাজ্যের রূপরেখা সংক্রান্ত বিল লোকসভায় পেশের বিরোধিতা করে রাজাগোপাল মরিচের গুঁড়ো ছড়িয়ে দেন। টেবিলের ওপর একটি কাচের গ্লাসও ভাঙেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পেশ করার এক পর্যায়ে মরিচের গুঁড়ো ছড়ানো থেকে শুরু করে এমপিদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটে।রাজাগোপাল অবশ্য দাবি করেছেন, তিনি আত্মরক্ষার জন্য পেপার স্প্রে করেছেন। কিন্তু লোকসভায় এই তুলকালাম কাণ্ড নিয়ে শুক্রবার ক্ষোভ ও নিন্দারই ঝড় বয়ে গেছে গণমাধ্যমগুলোতে।প্রথম পাতায় বড় বড় শিরোনামে ঘটনাটি নিয়ে খবর ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়।‘দ্য পাইওনিয়ার’ পত্রিকা শিরোনাম করেছে “সবচেয়ে কালো দিন”, ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ লিখেছে, “পার্লামেন্টে মরিচের গুঁড়ো ভারতের গণতন্ত্রকে কাঁদিয়ে ছেড়েছে।”“এমপি’রা পার্লামেন্টে একটি লজ্জাজনক দিনের সূচনা করলেন,” লিখেছে ‘দ্য হিন্দু’।দিল্লির সাবেক পুলিশ প্রধান অজয় রাজ শর্মার মন্তব্য উদ্ধৃত করে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে বলেছে, লোকসভায় এমপিদের এ অসহিষ্ণু আচরণ ‘নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি’।গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লোকসভা অধিবেশনের পুরো সময়টা জুড়েই অস্থিরতার সৃষ্টি করেছে তেলেঙ্গানা রাজ্যবিরোধী এমপিরা।অন্ধ্রপ্রদেশের ২৩টির মধ্যে ১০টি এলাকা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠনের প্রস্তাব দেয়া হয়েছে, যার লোকসংখ্যা হবে সাড়ে ৩ কোটি। হায়দ্রাবাদ শহরও তেলেঙ্গানার মধ্যে পড়েছে।
