২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছেন কেজরিওয়াল?

কংগ্রেস ও বিজেপির তীব্র বিরোধিতায় দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল বিধানসভায় তুলতে ব্যর্থ হয়ে পদত্যাগের ইংগিত দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

আর শেষ পর্যন্ত তিনি তেমন কোনো সিদ্ধান্ত নিলে তিন মাস পুরো হওয়ার আগেই কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি ) সরকারের বিদায় ঘটবে, যে দলটি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে গত ২৮ ডিসেম্বর দিল্লির ক্ষমতায় আসে।

মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন- এমন গুঞ্জনের মধ্যেই  আম আদমি পার্টির কর্মীরা দলের কার্যালয়ে জড়ো হতে শুরু করেছেন। স্থানীয় সময় রাত ৮টায় নেতাকর্মীদের সামনে বক্তব্য দেয়ার কথা রয়েছে কেজরিওয়ালের।

এএপি নেতা যোগেন্দ্র যাদব সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিতে পারছি না। তিনি পার্টি অফিসে এলেই আমরা সিদ্ধান্ত নেব। তিনি দলের অবস্থান আগেই জানিয়ে দিয়েছেন।

দুর্নীতি ঠেকাতে বহু আলোচিত এই লোকপাল বিল বৃহস্পতিবার রাজ্যসভায় পাস না হওয়ায় কেজরিওয়াল বলেছিলেন, আলোচনার জন্য কংগ্রেস ও বিজেপিকে তিনি আরো সময় দিতে চান। এরপর শুক্রবার অধিবেশন শুরুর আগেই তিনি ঘোষণা দেন, বিল পাস না করলে তিনিও থাকবেন  না।

অন্যদিকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং বলেন, তিনি ওই বিলে সম্মতি দেননি। কাজেই বিলটি বিধান সভায় তোলার সুযোগ নেই। স্পিকারকে চিঠিটি দিয়েও তিনি বিষয়টি জানান।

বিলটি টেবিলে তোলার আগে দিল্লি বিধানসভার ৭০ সদস্যের মধ্যে ৪২ জন এর বিরোধিতা করে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ আনে।

এই বিরোধিতা ও ব্যাপক হট্টগোলের মধ্যেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জন লোকপাল বিল ও স্বরাজ বিল বিধানসভায় তোলার চেষ্টা করেন।

কংগ্রেস ও বিজেপির সদস্যরা এ সময় চিৎকার করে প্রতিবাদ জানাতে থাকেন। তারা স্পিকারকে লেখা লেফটেন্যান্ট গভর্নরের চিঠি হাতে নিয়ে নাড়াতে থাকেন, যাতে বলা হয়েছে- অনুমোদন ছাড়া সরকার বিলটি উত্থাপন করলে তা হবে অসাংবিধানিক।

কিন্তু রাজ্যসভার স্পিকার এম এস ধীর বিষয়টি ভোটে দিলে কেজরিওয়ালের বিল তোলার চেষ্টা ভেস্তে যায়, যা তার জন্য একটি বড় নৈতিক পরাজয় বলে বিশ্লেষকরা মনে করছেন।