চীনের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে স্পেনে পরোয়ানা
চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেনের হাইকোর্ট। এতে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং।
তিব্বতে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা ৮ বছরের পুরোনো মামলায় জিয়াং জেমিন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী লি পেং এবং আরো তিন কর্মকর্তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে আদালত।সোমবার স্পেনের হাইকোর্টের বিচারক ইসমায়েল মোরেনো আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।মামলায় চীনের সাবেক প্রেসিডেন্টসহ অন্যান্যদের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।তিব্বতে এসব অপরাধ সংঘটিত হওয়ার সময় জিয়াং চীনের প্রেসিডেন্ট ছিলেন। সেকারণে তিনি এর দায় এড়াতে পারনে না বলে রায়ে জানিয়েছেন মোরেনো।এ বিষয়ে চীনাপররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “স্পেন আদালতের এ পদেক্ষপে বেইজিং খুবই অসন্তুষ্ট এবং চীনের অবস্থানকে হেয় করতে স্পেনের এ ধরনের ভুল পদক্ষেপ নেয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”তিব্বতের দুটো সমর্থক গোষ্ঠী এবং থাবেন ওয়াংচেন নামের স্প্যানিশ এক বৌদ্ধভিক্ষু ২০০৬ সালে চীনের সাবেক নেতাদের বিরুদ্ধে স্পেনের আদালতে এ মামলা করে।
