২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চপর্যায়ের বৈঠকে দুই কোরিয়া

সাত বছরের মধ্যে প্রথম উচ্চ-পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের পারস্পরিক সম্পর্কে উন্নয়ন ঘটানোর উপায় খুঁজে বের করতে বৈঠকটির আয়োজন করা হয়।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 03:00 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

বুধবার দেশদুটির মধ্যবর্তী বিপুল অস্ত্রেসজ্জিত সীমান্তের পানমুঞ্জম গ্রামে বৈঠকটি অনুষ্ঠিত হয়।দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করার প্রস্তুতি মুখে বৈঠকটি অনুষ্ঠিত হল। ‘মহাশত্রু’ দুই দেশের মহড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছিল উত্তর কোরিয়া।কিন্তু গত সপ্তাহে উত্তর কোরিয়ার পরামর্শেই দ্রুত গতিতে ও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বৈঠকটির আয়োজন করে উভয়পক্ষ। এটি উত্তর কোরিয়ার পরস্পরবিরোধী আচরণের সর্বশেষ নমুনা বলে মনে করেন পশ্চিমা বিশ্লেষকরা।বৈঠকে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন হি’র সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অপরদিকে উত্তর কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিত্রতা বিষয়ক বিভাগের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা।বুধবার সকালের সেশনে দুদেশের প্রতিনিধিরা এক দফা বৈঠক সারলেও রুদ্ধদ্বার বৈঠকটিতে তাদের মাঝে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর যে সব পরিবারের সদস্যরা দুই কোরিয়ার মধ্যে আলাদা হয়ে পড়েছেন তাদের পুনর্মিলনের এক সপ্তাহ আগে উচ্চ-পর্যায়ের এ বৈঠকটি অনুষ্ঠিত হল।