২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে বন্যা: মধ্যপ্রাচ্য সফর বাতিল ক্যামেরনের

দেশের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পরিকল্পিত মধ্যপ্রাচ্য সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 01:49 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

আসছে সপ্তাহে মধ্যপ্রাচ্যের ইসরায়েল ও ফিলিস্তিনে যাওয়ার কথা ছিল তার।মঙ্গলবার রাজধানী লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি সফর বাতিল করার কথা ঘোষণা করেন। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।১৭৬৬ সালের পর চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় ইংল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলে টেমস নদীর দুকূল জুড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানির প্রবল তোড়ে এ এলাকার রেলপথগুলো বিধ্বস্ত হয়ে গেছে।মঙ্গলবার লন্ডনের পশ্চিমে টেমস নদীর দুপাড়ের কয়েকশ’ বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। বন্যার পানি ক্রমাগত বাড়ছে। সপ্তাহের বাকি দিনগুলোতে আরো বৃষ্টিপাতের পূর্বাভাসে পরিস্থিতির আরো অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।বন্যা প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেয়া ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে দেরী করার কারণে সমালোচনার মুখে পড়েছে ক্যামেরন সরকার।বন্যা পরিস্থিতির ক্রমাবনতির মুখে এবং পরিবেশ সংস্থা ও মন্ত্রীদের পরস্পরকে দোষারোপ করার পরিস্থিতিতে বিদেশ সফর বাতিল করে দুর্যোগ মোকাবিলার দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের বন্যা কবলিত এলাকাগুলোয় ২৪ ঘন্টার এক পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ত্রাণ প্রচেষ্টায় অর্থ কোনো বাধা নয়, এর জন্য যত অর্থই প্রয়োজন হোক ব্যয় করা হবে।”বন্যা মোকাবিলায় সরকারের উদ্যোগকে যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের বিদেশি সহায়তার জন্য বরাদ্দকৃত বাজেট সরিয়ে এনে তা বন্যার্তদের জন্য ব্যয় করার দাবি এ সময় প্রত্যাখ্যান করেন তিনি।তিনি বলেন, “আমরা বর্ধনশীল অর্থনীতি সম্পন্ন একটি ধনী দেশ, তাই আমাদের এটি করার দরকার নেই। বৈদেশিক ত্রাণ বাজেটে হাত না দিয়েই আমরা ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারবো।”তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফর স্থগিত রাখা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই।“আজ আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিন প্রধানমন্ত্রী আব্বাসের কাছে ক্ষমা চেয়ে বার্তা পাঠিয়েছি। বন্যা মোকাবিলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ,” বলেন তিনি।বন্যা প্রতিরোধ ও নদী খননের জন্য যথেষ্ট বিনিয়োগ না করার জন্য ব্রিটেনের দ্বি-দলীয় জোট সরকার প্রবল সমালোচনার চাপে পড়েছে।মঙ্গলবার সকালে লন্ডনের আশপাশের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।বন্যার্তদের সহায়তা করার জন্য কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে মন্ত্রীকে তিরস্কার করেছেন ওয়েইসবেরির বন্যা কবলিত লোকজন।