বিদ্যুৎ সঙ্কটের মুখে দিল্লি
বকেয়া বিল নিয়ে শীর্ষ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৃষ্ট টানাপোড়েনের কারণে ভারতের রাজধানী দিল্লির বড় একটি অংশ বিদ্যুৎবিহীন হওয়ার ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, সোমবার থেকে দিল্লির অন্যতম বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেডকে (বিআরপিএল) বিদ্যুৎ দেয়া বন্ধ করা হবে বলে হুমকি দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি)। বিআরপিএলের কাছে বড় অংকের বকেয়া রয়েছে এনটিপিসির।দিল্লির মূল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বিএসইএস। এর অধীনস্থ কয়েকটি শাখা দিল্লির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। বিদ্যুৎ সমস্যা নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিএসইএস।‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, আদালত এ বিষয়ে দ্রুত সমাধান না দিলে এনটিপিসি’র বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ১০ ফেব্রুয়ারি থেকে দিল্লির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমে যাবে।জানুয়ারিতে দিল্লির ক্ষমতায় আসার পর থেকেই ভারতের নতুন দল আম আদমি পার্টি এএপি প্রশাসনের সঙ্গে বিদ্যুৎ কোম্পানিগুলোর টানাপোড়েন চলছে।দুর্নীতির মূলোচ্ছেদের প্রতিশ্রুতি ছাড়াও গ্রাহক পর্যায়ে কমমূল্যে বিদ্যুৎ দেয়ার কথা বলে দিল্লির ভোটারদের অভূতপূর্ব সমর্থন নিয়ে ক্ষমতায় আসে অরবিন্দ কেজরিওয়ালের দল এএপি। সরকার গঠনের কয়েকদিনের মধেই গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিল কমিয়েছিলেন কেজরিওয়াল।কিন্তু ‘ইকোনমিক টাইমস’ জানায়, ওই সিদ্ধান্তের কারণে দিল্লির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের বিরোধ সৃষ্টি হয়।প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, স্বল্প ট্যারিফের কারণে (কম মূল্য) তাদের বিদ্যুৎ কেনার অর্থ থাকে না। আর সে কারণে তাদেরকে বড় একটি এলাকা জুড়ে সরবরাহ বন্ধ করতে হচ্ছে।সরকার ও বিদ্যুত সরবরাহের দায়িত্বরত কোম্পানিগুলোর মধ্যে বিরোধ কেবল ভোক্তাদেরই ভোগাবে বলে মন্তব্য করেছে স্থানীয় গণমাধ্যমগুলো।
